১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ফরিদপুরে দাদী-ফুফুসহ ৩ জনকে কুপিয়ে হত্যা: যুবক আটক

“আটককালে তার কথাবার্তা অসংলগ্ন ছিল, যা তার মানসিক অবস্থার বিষয়টি আরও গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখার প্রয়োজনীয়তা তৈরি করেছে।”

ফরিদপুরে দাদী-ফুফুসহ ৩ জনকে কুপিয়ে হত্যা: যুবক আটক
দাদী-ফুফুসহ তিনজনকে কুপিয়ে হত্যা করার অভিযোগে আটক হওয়া আকাশ মোল্লা।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2026, 11:02 AM

Updated : 26 Aug 2026, 03:30 PM

ফরিদপুর সদরে দাদী-ফুফুসহ তিনজনকে কুপিয়ে হত্যা করার অভিযোগ ওঠা যুবককে র‍্যাব ও পুলিশের যৌথ অভিযানে আটক করা হয়েছে। 

মঙ্গলবার ভোরে উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের গদাধরডাঙ্গী গ্রামে বাড়ির পাশের কলাবাগান থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শামছুল আজম।

গ্রেপ্তার আকাশ মোল্লা (২৮) ওই গ্রামের হারুন মোল্লার ছেলে।  

অভিযানে অংশ নেওয়া র‍্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের সহকারী পুলিশ সুপার গাজী মো. লুৎফর রহমান বলেন, “ওই যুবকের অবস্থান নিশ্চিত হওয়ার পর দ্রুত অভিযান চালানো হয়। তাকে বাড়ির পাশের কলাবাগান থেকে আটক করা হয়েছে।

“আটককালে তার কথাবার্তা অসংলগ্ন ছিল, যা তার মানসিক অবস্থার বিষয়টি আরও গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখার প্রয়োজনীয়তা তৈরি করেছে।”

এর আগে সোমবার রাত আনুমানিক ৯টার দিকে ওই গ্রামের আজগর মোল্লার বাড়ির উঠানে ভয়াবহ এ হত্যাকাণ্ড ঘটে। 

স্থানীয়দের ভাষ্যমতে, হঠাৎ করেই আকাশ কোদাল নিয়ে উপস্থিত হয়ে তার স্বজনদের ওপর এলোপাতাড়ি হামলা চালায়। এতে ঘটনাস্থলেই তার দাদী আমেনা বেগম (৭৫), ফুফু রাহেলা বেগম (৫০), ও প্রতিবেশী কাবুল (৪৫) নিহত হন। আরেক প্রতিবেশী রিয়াজ মোল্লা (৪৫) গুরুতর আহত হন এবং তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

ঘটনার পরপরই আকাশ পালিয়ে যায়। 

ফরিদপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং আইনগত কার্যক্রম শুরু করে। 

“প্রাথমিকভাবে জানা গেছে, অভিযুক্ত আকাশ মানসিক ভারসাম্যহীন। তবে তার এই আচরণের পেছনে অন্য কোনো কারণ বা পরিকল্পনা ছিল কিনা, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।”

ফরিদপুরের কোতয়ালী থানার ওসি মো. শহিদুল ইসলাম বলেন, আটক করা আকাশকে বর্তমানে কোতোয়ালি থানার হেফাজতে রাখা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে। 

তার মানসিক স্বাস্থ্য পরীক্ষারও উদ্যোগ নেওয়া হচ্ছে। তদন্তের অগ্রগতির ওপর ভিত্তি করে পরবর্তী আইনি ধাপ নির্ধারণ করা হবে।

এদিকে এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও স্থানীয়দের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

একই সঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত কোদালটি উদ্ধার এবং ঘটনার পেছনের প্রকৃত কারণ উদঘাটনে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।

আগের সংবাদ

ফরিদপুরে দাদী-ফুপু ও প্রতিবেশীকে কুপিয়ে হত্যার অভিযোগ যুবকের বিরু