১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ফরিদপুরে দাদী-ফুপু ও প্রতিবেশীকে কুপিয়ে হত্যার অভিযোগ যুবকের বিরুদ্ধে

আলিয়াবাদ ইউনিয়নের গদাধর ডাঙ্গী গ্রামে এ ঘটনা ঘটে বলে কোতোয়ালী থানার ওসি শহীদুল ইসলাম জানান।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2026, 12:41 AM

Updated : 26 Aug 2026, 03:30 PM

ফরিদপুর সদর উপজেলায় নারীসহ তিনজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় একজন আহত হয়েছেন। 

সোমবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের গদাধর ডাঙ্গী গ্রামে এ ঘটনা ঘটে বলে কোতোয়ালী থানার ওসি শহীদুল ইসলাম জানান।

নিহতরা হলেন- ওই গ্রামের হারুন মোল্লার মা আমেনা বেগম (৭০), হারুনের বোন রাহেলা বেগম (৪৫) এবং তাদের প্রতিবেশী সুলতান আহমদের ছেলে রিকশাচালক কাবুল আহমেদ (৪০)। 

এ ঘটনায় আহত হয়েছেন গ্রামের সিদ্দিক বাবুর্চির ছেলে রিয়াজুল ইসলাম। তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

ঘটনাস্থলে থাকা স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, হারুনের ছেলে আকাশ মোল্লা রাতে কোদাল দিয়ে তার দাদী আমেনা ও ফুফু রাহেলাকে কোপানো শুরু করেন। তাদের বাঁচাতে এসেছিলেন কাবুল ও রিয়াজুল। তখন আকাশ কোদাল নিয়ে তাদের উপরও হামলা চালায়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। 

পুলিশের একটি দল ঘটনাস্থলে রয়েছে। তারা তথ্য সংগ্রহ করছেন। মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। 

কোতোয়ালি থানার ওসি শহীদুল ইসলাম বলেন, “তিনজনকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। ঘটনার পর আকাশ পালিয়ে গেছেন। তাকে গ্রেপ্তারে পুলিশ এরই মধ্যে অভিযান শুরু করেছে। 

তবে তাৎক্ষণিকভাবে হত্যাকাণ্ডের কারণ জানাতে পারেননি ওসি।