Published : 15 Apr 2026, 09:19 PM
নরসিংদীর পলাশ উপজেলায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত ও তিতাস কর্তৃপক্ষ। এ সময় সোয়া দুই লাখ টাকা জরিমানার পাশাপাশি প্রায় ছয় লাখ টাকা বকেয়া আদায় করা হয়।
বুধবার উপজেলার ঘোড়াশাল ও টেকপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাঈম হাসান শুভ।
তিতাস গ্যাস কর্তৃপক্ষের একটি দল এবং অন্তত ২০ পুলিশ সদস্যের সমন্বয়ে অভিযান পরিচালনা করা হয়।
বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জেলা প্রশাসন জানায়, প্রথমে ঘোড়াশালের মিয়াপাড়া এলাকায় অভিযান চালানো হয়। পরে টেকপাড়া এলাকায় অভিযান করা হয়। এ সময় বিভিন্ন স্থানে অবৈধ গ্যাস সংযোগ ও অনিয়মের প্রমাণ পায় ভ্রাম্যমাণ আদালত।

তাৎক্ষণিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নের পাশাপাশি জড়িত ব্যক্তিদের দুই লাখ ২৬ হাজার ৫০০ টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এ ছাড়া প্রায় ছয় লাখ টাকা বকেয়া বিল আদায় করা হয়; যা সরকারের রাজস্ব বৃদ্ধিতে সহায়ক হবে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নাঈম হাসান শুভ বলেন, অভিযান চলাকালে জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় জনগণের মাঝে গ্যাসের সঠিক ব্যবহার, অবৈধ সংযোগের ক্ষতিকর দিক এবং আইনি পরিণতি সম্পর্কে দিকনির্দেশনা দেওয়া হয়। সেইসঙ্গে এ ধরনের কাজ থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানানো হয়।