Published : 19 Sep 2025, 03:05 PM
নোয়াখালীর হাতিয়া ও লক্ষ্মীপুরের রামগতি উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে পাচারের সময় ৬৭০ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার রাত ১টার দিকে হাতিয়া, সুবর্ণচর ও রামগতি উপজেলা প্রশাসন সমন্বিতভাবে অভিযান চালিয়ে সারগুলো জব্দ করে।
এ অভিযানে নেতৃত্ব দেন সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাবেয়া আফসার সায়মা।
এ সময় রামগতি ও হাতিয়া উপজেলার সংযোগস্থল তেগাছিয়া বাজার এলাকা থেকে ৩৭০ বস্তা এবং হাতিয়া উপজেলার টাংকির ঘাট এলাকা থেকে ৩০০ বস্তা ইউরিয়া সার ও দুটি ট্রাক জব্দ করা হয়।
হাতিয়া, রামগতি ও সুবর্ণচর উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা, সেনাবাহিনী ও হাতিয়া থানা পুলিশ সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।
সুবর্ণচর উপজেলার কৃষি কর্মকর্তা মো. হারুন অর রশিদ বলেন, “দুই জেলার সীমান্তবর্তী মেঘনা নদী দিয়ে জলদস্যু বাহিনী সার পাচারের প্রস্তুতি নিচ্ছে খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়। বিষয়টি টের হয়ে পাচারকারী চক্র সারগুলো রেখে পালিয়ে যায়।”

“রাত দেড়টার দিকে অভিযান শেষ করে জব্দ করা সারগুলোর মধ্যে ৩৭০ বস্তা সার সুবর্ণচর উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে এবং ৩০০ বস্তা সার হাতিয়া উপজেলার হরনি ইউনিয়ন পরিষদের গুদামে সংরক্ষণ করা হয়।”
জব্দ করা ট্রাক দুটি সুবর্ণচরেরর চরজব্বর থানা হেফাজতে রাখা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্দুতি চলছে বলে জানান কৃষি কর্মকর্তা হারুন।
হাতিয়া উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল বাছেদ সবুজ বলেন, বিভিন্ন সময় চট্টগ্রাম থেকে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে হাতিয়া ও রামগতির সীমান্তবর্তী টাংকির ঘাট এলাকা দিয়ে নদী পথে সার আসে বলে খবর পাওয়া যায়।
তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার এ পথে সার আসার খবরে হাতিয়া, রামগতি ও সুবর্ণচর উপজেলা কৃষি কর্মকর্তাগণ ঘটনাস্থলে মিলিতভাবে অভিযানে যান।
এ সময় সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতের সারভর্তি দুটি ট্রাক জব্দ করা হলেও পাচারকারীদের কাউকে পাওয়া যায়নি বলে জানান তিনি।
আব্দুল বাছেদ বলেন, জব্দ সারের সঙ্গে কিছু কাগজপত্র পাওয়া গেছে; সেখানে সারগুলো হাতিয়ায় যাচ্ছে বলে উল্লেখ করা হয়েছে। যদিও হাতিয়ায় চলতি মৌসুমে ৭৮ হাজার হেক্টর জমিতে আমন চাষের জন্য চাহিদা অনুযায়ী বরাদ্দ সার ইতোমধ্যে পাওয়া গেছে।
সারগুলো নিলামে বিক্রির জন্য সুবর্ণচর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নোয়াখালী জেলা ম্যাজিস্ট্রেট বরাবর চিঠি দেওয়ার কথা রয়েছে বলে জানান তিনি।