১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ফরিদপুরে ৩০ হাজার ইয়াবাসহ ‘মাদক বিক্রেতা’ আটক

কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে একটি বাসে করে সাতক্ষীরা যাওয়ার পথে তাকে আটক করা হয়।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2026, 11:24 AM

Updated : 26 Aug 2026, 03:29 PM

ফরিদপুরে ত্রিশ হাজার ইয়াবাসহ এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তারের তথ্য দিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

রোববার বিকালে ভাঙ্গা উপজেলার ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের আতাদি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে ফরিদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শিরিন আক্তার জানিয়েছেন।

আটক আশরাফুজ্জামান লিটু নামের ওই মাদক ব্যবসায়ী সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার ভবানীপুর গ্রামের ফজলুল হক গাজীর ছেলে।

শিরিন আক্তার বলেন, “মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা গোপন সংবাদে ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে ‘সাতক্ষীরা লাইন’ নামে একটি বাসে করে সাতক্ষীরা যাওয়ার পথে আশরাফুজ্জামান লিটুকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়।

“পরে তার সঙ্গে থাকা একটি ব্যাগে তল্লাশি করে ত্রিশ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।”

লিটুর বিরুদ্ধে ভাঙ্গা থানায় মাদক আইনে মামলার দায়েরের প্রস্তুতি চলছে এবং সোমবার তাকে আদালতে তোলা হবে বলে জানান তিনি।