নড়াইলে মাদ্রারাছাত্র ধর্ষণ মামলায় শিক্ষকের যাবজ্জীবন
২০২৫ সালের ১০ জুলাই রাতে ওই শিক্ষক শিশুটিকে নিজের ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করেন বলে মামলায় বলা হয়েছে।
নড়াইলে মাদ্রাসা ছাত্রকে ধর্ষণের মামলায় মেরাজ আলী নামের এক শিক্ষকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
সোমবার দুপুরে নড়াইলের শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শেখ ছামিদুল ইসলাম এ রায় দেন বলে আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী আজিবুর রহমান আজিজ জানিয়েছেন।
যাবজ্জীবনপ্রাপ্ত মেরাজ আলী চুয়াডাঙ্গার দাড়ুমহুদার উপজেলার রুদ্রপুর কালিয়া বকির গ্রামের আমান উল্লাহ হকের ছেলে।
মামলার বিবরণে বলা হয়েছে, নড়াইল পৌরসভার রঘুনাথপুর এলাকায় অবস্থিত রহমানিয়া তাইছিরুল উলুম মাদ্রাসার দশ বছর বয়সী এক ছাত্রকে ২০২৫ সালের গত ১০ জুলাই রাতে আসামি মেরাজ আলী নিজের কক্ষে ডেকে নিয়ে ধর্ষণ করেন।
এ ঘটনা কাউকে না জানানোর জন্য শিশুটিকে ভয়ভীতি দেখানো হয়।
পরে শিশুটি বিষয়টি তার মা-বাবাকে জানায় যে, গত দুই মাসে ওই শিক্ষক একাধিকবার তাকে ধর্ষণ করেছেন। বিষয়টি জানাজানি হলে মেরাজ পালিয়ে যান। পরে ১২ জুলাই স্থানীয় লোকজন তাকে আটক করেন।
এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে সদর থানায় মামলা করেন।
পিপি আজিবুর রহমান বলেন, আসামিকে যাবজ্জীবনের পাশাপাশি তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ আদায় করে শিশুটির পরিবারকে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
