কুষ্টিয়ায় ‘রসুন ক্ষেতে মুরগি যাওয়ায়’ বল্লমের আঘাতে যুবক খুন
এ ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
কুষ্টিয়া সদর উপজেলায় রসুন ক্ষেতে মুরগি যাওয়ার ঘটনায় এক যুবককে বল্লমের আঘাতে হত্যার অভিযোগ উঠেছে চাচাতো ভাইয়ের বিরুদ্ধে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার জিয়ারখি ইউনিয়নের মঠপাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান কুষ্টিয়া মডেল থানার ওসি কবির হোসেন মাতুব্বর।
নিহত হাফিজুল ইসলাম (৪৫) ওই গ্রামের প্রয়াত নুরুল হুদার ছেলে।
হাফিজুলের ভাই আনোয়ার হোসেনের অভিযোগ, “চাচাতো ভাই মহিদের রসুন ক্ষেতে হাফিজুলের মুরগি ঢুকে চারা নষ্টের অভিযোগে দীর্ঘদিন ধরে দুই পরিবারের মধ্যে বিরোধ চলছিল। দুপুরের পর ওই রসুন ক্ষেতে আবার মুরগি প্রবেশের ঘটনায় মহিদ ক্ষিপ্ত হয়ে ওঠেন।
“এ ঘটনায় দুপক্ষের মধ্যে ঝগড়া ও হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে মহিদ বাড়ি থেকে বল্লম এনে হাফিজুলকে আঘাত করেন। পরে স্থানীয়রা হাফিজুলকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।”
ওসি কবির হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
