১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

গাইবান্ধায় নিখোঁজের পরদিন মিলল কৃষকের মৃতদেহ

একদিন আগে গোফ্ফার বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি বলে জানান স্বজনরা।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2025, 04:09 PM

Updated : 26 Aug 2026, 02:21 PM

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় নিখোঁজের পরদিন নালা থেকে এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার দুপুরে উপজেলার মানিয়ানদহ ভেগীর সেতু এলাকায় ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয় বলে জানান হরিনাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রে ইনচার্জ পরিদর্শক শাহাদত হোসেন। 

নিহত আব্দুল গোফ্ফার সরদার (৫৫) একই উপজেলার পবনাপুর ইউনিয়নের বুজরুক বরকতপুর গ্রামের প্রয়াত কপিল উদ্দিন সরদারের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বিকালে গোফ্ফার বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। পরে গভীর রাত পর্যন্ত স্বজনরা তাকে বিভিন্ন স্থানে খোঁজখবর করেন। 

সকালে স্থানীয় লোকজন ভেগীর সেতু এলাকায় নালায় কচুরিপানার নিচে লাশ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। পরে গোফ্ফারের স্বজনরা গিয়ে লাশ শনাক্ত করেন।

পুলিশ পরিদর্শক শাহাদত বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা না আত্মহত্যা তা ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে। 

এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।