Published : 16 Jan 2026, 09:58 PM
গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে থেকে ভোটারদের নিজেকে শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন অর্থ এবং বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।
‘হ্যাঁ’ ভোটের পক্ষে সমর্থন চেয়ে তিনি বলেন, “অতীতে আমরা দেখেছি, কেউ কিছু করে গেলে পরের জন এসে সেটা বাতিল করে দেন। আশা করছি এক্ষেত্রে সেটা হবে না।
“আপনারা হ্যাঁ ভোট সমর্থন করে নিজেদেরকে শক্তিশালী করুণ এবং আগামীতে যে সরকার আসবে তাকেও শক্তিশালী করুন।”
শুক্রবার সন্ধ্যায় সিরাজগঞ্জ কালেক্টরেট চত্বরে জেলা প্রশাসন আয়োজিত ভোটের গাড়ি সুপার ক্যারাভানের মাধ্যমে ‘গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ’ উদ্বোধন উপলক্ষে আয়োজিত সভায় এসব কথা বলেন তিনি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সালেহউদ্দিন আহমেদ বলেন, “আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন খুবই ‘ক্রিটিক্যাল’। আরও ইলেকশন হয়েছে, কিন্ত এটার স্বচ্ছতা আমরা নিজেরা যেমন চাই, তেমনি বিদেশিরাও তাকিয়ে আছেন। সেইসঙ্গে গণভোট ও সংস্কারের বিষয়টিও রয়েছে।”
জুলাই বিপ্লবের অর্জন সবার মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, “এটা (জুলাই বিপ্লব) নিয়ে অনেকের মধ্যে নেগেটিভ প্রবণতাও রয়েছে। আপনারা সেটা কাউন্টার করবেন না, সবকিছু পজেটিভভাবে নিয়ে এগিয়ে যাবেন।”
রাজশাহী বিভাগীয় কমিশনার আ ন ম বজরুল রশীদের সভাপতিত্বে সভায় মন্ত্রী পরিষদ সচিব শেখ আব্দুর রশীদ এবং সিরাজগঞ্জ জেলা প্রশাসক আমিনুল ইসলাম বক্তব্য দেন।
এ সময় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব আনোয়ার হোসেন, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব সাইফুল ইসলাম, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শাহরিয়ার শরীফ ও সিরাজগঞ্জ পুলিশ সাইফুল ইসলাম সানতুসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।