১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

চুয়াডাঙ্গায় রাস্তা পারাপারের সময় ইজিবাইকের ধাক্কায় বৃদ্ধ নিহত

তিনি স্থানীয় মসজিদে ফজর নামাজ শেষে বাড়ি ফেরার সময় এ দুর্ঘটনা ঘটে।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2026, 02:00 PM

Updated : 26 Aug 2026, 03:06 PM

চুয়াডাঙ্গা সদর উপজেলার রাস্তা পারাপারের সময় দ্রুতগতির ব্যাটারিচালিত ইজিবাইকের ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছেন।

শনিবার ভোরে আলুকদিয়া বাজার এলাকায় আলুকদিয়া তেলপাম্পের কাছে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন চুয়াডাঙ্গা সদর থানার এসআই মানজারুল ইসলাম। 

নিহত আব্দুল কাদের মালিতা (৬৫) উপজেলার আলুকদিয়া গ্রামের চকপাড়া এলাকার বাসিন্দা এবং মৃত হারু মালিতার ছেলে। তিনি পেশায় একজন কাঠ ব্যবসায়ী ছিলেন।

আলুকদিয়া ইউনিয়ন পরিষদের সদস্য আল বেলাল বলেন, ভোরে ফজরের নামাজ আদায়ের জন্য স্থানীয় মসজিদে যান আব্দুল কাদের মালিতা। নামাজ শেষে বাড়ি ফেরার সময় আলুকদিয়া বাজার এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগতিতে আসা একটি ব্যাটারিচালিত ইজিবাইক তাকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন। 

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণ পর তিনি মারা যান।

এসআই মানজারুল বলেন, “এ ঘটনায় এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।”