১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় ২ দশক ধরে সংস্কারহীন সড়কে ভোগান্তি

বেহাল সড়কটিতে সরকারি কাজ হবে এই আশাও এখন আর করেন না বলছেন আশপাশের বাড়িঘরের বাসিন্দারা।

বিডিনিউজ২৪

মাইনুদ্দীন রুবেল, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি.

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2026, 09:32 AM

Updated : 26 Aug 2026, 03:34 PM

দেড়শ বছরের পুরানো ব্রাহ্মণবাড়িয়া প্রথম শ্রেণির পৌরসভা হলেও সংস্কার বা উন্নয়নমূলক কাজ তেমন হয় না বলে অভিযোগ আছে। এর প্রমাণ হিসেবেই যেন পড়ে আছে শহরের মৌড়াইল-দাতিয়ারা সংযোগ সড়কটি। 

পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ মৌড়াইলে ঢাকা-কুমিল্লা আঞ্চলিক সড়ক থেকে ব্রাহ্মণবাড়িয়া জাদুঘর হয়ে দাতিয়ারা চৌরাস্তা মোড় পর্যন্ত এক কিলোমিটার দীর্ঘ পথটিকে সড়ক না বলে ‘সড়কের কঙ্কালই’ বলতে চান স্থানীয়রা। 

কারণ দুই দশকের বেশি সময় ধরে সংস্কার বিহীন সড়কটিতে একটু বৃষ্টি হলেই জমে পানি। খানা খন্দে ভরা সড়কে শুষ্ক মৌসুমেও কাঁদামাটির আবরণ ছাড়া ইট-পাথরের দেখা পাওয়া দুস্কর। 

তবে পৌর কর্তৃপক্ষ কিছুদিনের মধ্যেই সড়কটি সংস্কারের উদ্যোগ নিতে যাচ্ছে জানালেও বেহাল সড়কটিতে সরকারি কাজ হবে এই আশাও এখন আর করেন না বলছেন আশপাশের বাসিন্দারা। 

কয়েকদিন ধরে সরেজমিনে সড়কটিতে চলাচলকারীদের সঙ্গে কথা বলে এমন ক্ষোভ আর হতাশার কথাই জানা গেল। 

মৌড়াইল এলাকার বাসিন্দা ও শিক্ষক মো. উয়াকিল আহম্মেদ বলেন, “দীর্ঘ ২০-২২ বছর ধরে কাজ হয়নি এ সড়কটিতে। অল্প বৃষ্টি হলেই সড়কে পানি জমে যায়। কাদামাটিতে পিচ্ছিল হয়ে তখন যাতায়াতে খুবই কষ্ট হয়।”

অনুপযোগী সড়কটির পাশেই বিয়াম ল্যাবরেটরি স্কুল। সেই স্কুলের শিক্ষার্থীরা বলেন, বৃষ্টি হলেই সড়ক জুড়ে ময়লা পানি জমে, তাদের চলাচলে কষ্ট হয়। তখন স্কুল বন্ধ করে ঘরে থাকতে হয়।

ক্ষোভ প্রকাশ করে স্থানীয় বাসিন্দা মো. মাসুদ রানা বলেন, “এই সড়ক ধরে কোর্ট, রেল স্টেশন যেতে হয়, পাশেই ব্রাহ্মণবাড়িয়া যাদুঘর। ডিসি, এসপি সকলেই যাচ্ছে অথচ কেউ সড়কটির দিকে নজর দেয়নি। গত দুই দশকে কখনো এই সড়কে একটি ইটের কনাও লাগানো হয়নি।”

স্থানীয় জামান হোসেন বলেন, “বহু বছর ধরে সরকারি উদ্যোগে এ সড়কে কোনো কাজ হয়নি। আশপাশের লোকজন যারাই ঘরবাড়ি করে তারাই নিজের প্রয়োজনে মাটি ও কংক্রিট ফেলে সড়কটি উঁচু করেছে। অথচ কোনো সরকারই সড়কটির দিকে নজর দেয় না।”

ওই এলাকার বাসিন্দা ও প্রবাস ফেরত মো. এলাহী বলেন, “আমরা ২০ বছর ধরেই দেখছি পৌরসভার লোকজন এসে মাপামাপি করে কিন্তু কাজ আর করে না। তবে বর্তমান সংসদ সদস্য এই ওয়ার্ডের মানুষ, তিনি যদি এই রাস্তাটি নিয়ে একটু পরিকল্পনা নেয় আমাদের জন্য ভালো হবে।”

৯ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার মো. ফারুক মিয়া বলেন, “সর্বশেষ ২০০৪ সালে এ সড়কে একবার কাজ হয়েছিল, পরে দীর্ঘ ২২ বছর পার হলেও এই রাস্তাটি আর সংস্কার হয়নি। বিভিন্ন সময় আমি সড়কটিতে কাজের জন্য বরাদ্দ চাইলেও কাজ হয়নি। দীর্ঘদিন ধরেই এ সড়কে ব্যবহারকারী ও পথচারীরা খুবই কষ্ট করতেছে।”

তিনি বর্তমান পৌর কর্তৃপক্ষের কাছেও দ্রুত সড়কটি মেরামতের আবেদন জানান।

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. কাউছার আহমেদও পৌর এলাকাধীন এই সড়কটি দীর্ঘদিন সংস্কার হচ্ছে না বলে স্বীকার করেন। তিনি বলেন, “মেইন রোড থেকে জাদুঘর হয়ে দাতিয়ারা চার রাস্তা মোড় পর্যন্ত আরসিসি ঢালাইয়ের জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে। 

“ব্রাহ্মণবাড়িয়া জেলার বিদ্যমান পৌরসভা সমূহের উন্নয়ন প্রকল্পে কাজটি সাবমিট করা হয়েছে। অনুমোদন পেলেই আমরা টেন্ডার দিব।”