Published : 12 Nov 2025, 03:27 PM
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় রাস্তায় গাছ কেটে ফেলে রাখার খবরে ঘটনাস্থলে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। এতে গুরুতর আহত হয়েছেন এক এসআই।
মঙ্গলবার রাত ১১ টার দিকে উপজেলার আমনুরা-মন্ডুমালা সড়কের জুমারপাড়ায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এ এন এম ওয়াসিম ফিরোজ।
আহত মো. নুরুল ইসলাম (৪৭) আমনুরা পুলিশ ফাঁড়িতে কর্মরত। তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার এ এন এম ওয়াসিম ফিরোজ বলেন, রাত ১১টার দিকে জরুরি সেবা ৯৯৯ নম্বরের মাধ্যমে আমনুরা-মন্ডুমালা সড়কের জুমারপাড়ায় দুর্বৃত্তরা জড়ো হচ্ছে, রাস্তায় গাছ কেটে ফেলে রাখা হয়েছে- এ ধরনের সংবাদ পাওয়া যায়।
তাৎক্ষণিক এসআই নুরুল ইসলাম কয়েক পুলিশ সদস্যকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে ঘটনাস্থলে যান। সেখানে পৌঁছে কিছু বুঝে উঠার আগেই দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে তিনি আহত হন। পরে অন্য পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
গুরুতর আহত নুরুল ইসলামকে উদ্ধার করে প্রথমে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, সেখানে দেশীয় অস্ত্রে সজ্জিত ১০ থেকে ১২ জন ব্যক্তি ছিল। তারা ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল নাকি অন্য কোনো উদ্দেশ্য ছিলো তা খতিয়ে দেখছে পুলিশ।
এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।