Published : 08 Feb 2026, 04:59 PM
নির্বাচনে কোথাও কোনো ধরনের কারচুপি বা অনিয়মের অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানান।
তিনি বলেন, “জাতীয় সংসদ নির্বাচনে ভোট কারচুপির কোনো ধরনের শঙ্কা নেই। আপনারা সহযোগিতা করবেন, কোথাও যদি কোনো রকম কারচুপি হয় আমাদের জানাবেন, আমরা সঙ্গে সঙ্গে অ্যাকশন নেব।”
রোববার দুপুরে রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে আয়োজনের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে বলেও জানিয়েছেন জাহাঙ্গীর আলম চৌধুরী।
তিনি বলেন, “খুব শান্তিপূর্ণভাবে, সুষ্ঠু পরিবেশে এবং একটা উৎসবমুখর পরিবেশে নির্বাচন হবে। একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন হবে।”
বিদ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন সম্ভব কি-না এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “যে জায়গায় যে রকম ব্যবস্থা নেওয়ার, ওই ধরনের প্রস্তুতি আমাদের নেওয়া হয়েছে।”
এর আগে অনুষ্ঠিত সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, রংপুর বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম, পুলিশের রংপুর রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম, মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. মজিদ আলী, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসানসহ মাঠ প্রশাসন, গোয়েন্দা বিভাগ ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।