কুয়াকাটা থেকে ফেরার পথে ট্রাক চাপায় স্বামী নিহত, স্ত্রী আহত
বরিশালের বাকেরগঞ্জে কুয়াকাটাগামী একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয় বলে জানায় পুলিশ।
কুয়াকাটা থেকে ফেরার পথে বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী যুবকের প্রাণ গেছে; এতে আহত হয়েছেন তার স্ত্রী।
শনিবার দুপুরে উপজেলার আউলিয়াপুর এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান পটুয়াখালীর লেবুখালী মহাসড়ক পুলিশ ক্যাম্পের এসআই মো. শাহাদাত।
নিহত নবীন হালদার (৩৫) উজিরপুর উপজেলার পীরের পাড় এলাকার নিগম হালদারের ছেলে। নবীন ঢাকায় স্বর্ণ ব্যবসা করতেন। আহত স্ত্রী বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
এসআই শাহাদাত বলেন, সকালে মোটরসাইকেলে স্ত্রীকে নিয়ে কুয়াকাটায় বেড়াতে যান নবীন হালদার। সেখান থেকে বাড়ি ফেরার পথে কুয়াকাটাগামী একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে স্বামী ও স্ত্রী গুরুতর আহত হয়।
স্থানীয়রা তাদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক নবীনকে মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।
তিনি বলেন, ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। নিহতের পরিবার সদস্যদের খবর দেওয়া হয়েছে। তারা এলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
