২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

গাজীপুরে শয়নকক্ষ থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

পারভীন আক্তারের ছেলে রাব্বি বলেন, “এক বছর আগে মায়ের দ্বিতীয় বিয়ে হয় জালাল মিয়ার সঙ্গে।”

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2024, 08:36 PM

Updated : 10 Sep 2026, 12:19 PM

গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে শয়নকক্ষ থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

রোববার সকালে বাইমাইল নয়াপাড়া এলাকা থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয় বলে কোনাবাড়ী থানার এসআই তাইম উদ্দিন জানান। 

নিহতরা হলেন- ওই এলাকার মৃত সোহাগ মিয়ার মেয়ে পারভীন আক্তার (৩২) এবং তার স্বামী জালাল মিয়া (৪২)। স্বামী-স্ত্রী ভাংগারির ব্যবসা করতেন।

পারভীন আক্তারের ছেলে রাব্বি সাংবাদিকদের বলেন, “এক বছর আগে মায়ের দ্বিতীয় বিয়ে হয় জালাল মিয়ার সঙ্গে। তারা বাইমাইল নয়াপাড়া এলাকায় নানার বাসায় থাকতেন। আমি কাপাসিয়ায় ভাড়া বাসায় থেকে রিকশা চালাই। 

“শনিবার মধ্যরাতে মা ফোন করে আমার কাছে ৫০০ টাকা চায়। আমি সকালে দেব বললে তিনি ফোন কেটে দেন। সকালে প্রতিবেশীরা ফোন করে জানান, বাবা-মা আত্মহত্যা করেছেন।” 

রাব্বি বলেন, “গিয়ে দেখি, মা বিছানায় পড়ে আছেন এবং বসতঘরে বাবা ধর্ণার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

“রাতে তাদের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে মনে হয় এ ঘটনা ঘটেছে।” 

কোনাবাড়ী থানার এসআই তাইম উদ্দিন বলেন, সকাল ৮টায় লাশ উদ্ধার করা হয়েছে। লাশের ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

এ বিষয়ে কোনাবাড়ী থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।