১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

নাটোরে বিএনপি ও জামায়াত সংঘর্ষে আহত ১০, আটক ৪

ইউনিয়ন জামায়াতের আমির হাসিনুর রহমানসহ দুইজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2026, 04:16 PM

Updated : 26 Aug 2026, 02:57 PM

নাটোরের বড়াইগ্রামে বিএনপি ও জামায়াত সমর্থকদের সংঘর্ষে ইউনিয়ন জামায়াতের আমিরসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় কয়েকটি গুলি ও বাড়িঘর ভাঙচুরের ঘটনাও ঘটেছে।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে বড়াইগ্রাম উপজেলার ধানাইদহ বাজার গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানান নাটোরের পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব।

বড়াইগ্রাম থানার ওসি আব্দুস সালাম বলেন, শুক্রবার বিকালে ধানাইদহ বাজারে স্থানীয় বিএনপির কর্মীদের বিরুদ্ধে জামায়াত কর্মী সাব্বিরকে মারপিট করার অভিযোগ উঠে।  

এরই জের ধরে শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে সংঘর্ষে জড়িয়ে পড়ে জামায়াত-বিএনপির নেতা-কর্মীরা। এতে ধারালো অস্ত্রের আঘাতে নগর ইউনিয়ন জামায়াতের আমির হাসিনুর রহমানসহ উভয় পক্ষের ১০ জন আহত হয়। 

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে এবং আহতদের উদ্ধার করে। 

পরে গুরুতর আহত অবস্থায় হাসিনুর রহমানসহ দুইজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এবং বাকিদের পাবনার ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

নাটোরের পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব বলেন, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করা হয়েছে। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে।