Published : 20 Jul 2026, 01:10 PM
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে ছুরিকাঘাতে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় জড়িত অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ।
রোববার রাত সাড়ে ১০টার দিকে পাঙ্গাসী ইউনিয়নের কালিঞ্জা গ্রামে এ ঘটনা ঘটে বলে রায়গঞ্জ থানার ওসি মো. আহসানুজ্জামান জানিয়েছেন।
নিহত ২৬ বছর বয়সী ইলিয়াস খান ওই গ্রামের সাত্তার খানের ছেলে। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ।
আর আটক মো. রাসেল একই গ্রামের আব্দুল আজিজের ছেলে।
স্থানীয়রা বলছে, বিকালে এলাকার মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে কয়েকজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। এ নিয়ে স্থানীয় সিয়াম আহমেদের বাবা রাসেলের সঙ্গে তার নিকট আত্মীয় ইলিয়াস খানের তর্ক-বিতর্ক হয়। স্থানীয়রা তখন বুঝিয়ে পরিস্থিতি শান্ত করলেও রাতে একই বিষয়কে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে ফের উত্তেজনা ছড়িয়ে পড়ে।
একপর্যায়ে রাসেলের ছেলে সিয়াম ধারালো ছুরি দিয়ে ইলিয়াসের বুকে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
ওসি আহসানুজ্জামান বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। ভোরে সিরাজগঞ্জ শহর থেকে রাসেলকে আটক করা হয়েছে। তবে তার ছেলে সিয়াম পলাতক রয়েছে; তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”
এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছেন এ পুলিশ কর্মকর্তা।