Published : 22 Jan 2026, 01:11 PM
দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট আবার বিদ্যুৎ উৎপাদনে ফিরেছে।
বুধবার রাত ৯টায় ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এক নম্বর ইউনিটের উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে বলে তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক জানিয়েছেন।
এর আগে ১৮ জানুয়ারি উৎপাদনে থাকা এক নম্বর ইউনিটের বয়লারের টিউব ফাটলের কারণে উৎপাদন বন্ধ হয়ে যায়।
কয়লাভিত্তিক বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী, বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের তিনটি ইউনিটের মধ্যে প্রথম ও দ্বিতীয় ইউনিট ১২৫ মেগাওয়াট এবং তৃতীয় ইউনিট ২৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাসম্পন্ন।
৫২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট যান্ত্রিক ত্রুটির কারণে ২০২০ সালের নভেম্বর থেকে বন্ধ আছে।
২৭৫ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন তিন নম্বর ইউনিট ওভারহোলিং (যন্ত্র বা যেকোনো যান্ত্রিক যন্ত্রাংশের সম্পূর্ণ পরিদর্শন, মেরামত ও পুনঃস্থাপনা) এর কারণে অক্টোবর থেকে বন্ধ আছে। এটি চালু করতে আর প্রায় দুই মাস লাগতে পারে।
তিন নম্বর ইউনিট বন্ধের পর থেকে ১২৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন এক নম্বর ইউনিটটি চালু ছিল।