১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

রংপুর মেডিকেলে আগুন পোড়া রোগীর চাপ, নারীর মৃত্যু

গাইবান্ধার ওই নারী আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন।

রংপুর মেডিকেলে আগুন পোড়া রোগীর চাপ, নারীর মৃত্যু
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগ।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2026, 04:10 PM

Updated : 26 Aug 2026, 05:32 PM

শীত নিবারণে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এক নারীর মৃত্যু হয়েছে। এ ছাড়া হাসপাতালে বেড়েছে আগুন পোড়া রোগীর চাপ।

শুক্রবার ভোরে হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগে তার মৃত্যু হয় বলে জানান রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক চিকিৎসক কানিজ ফাতেমা।

নিহত হাজেরা বেগম (৩৬) গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বিশুগাড়ি ইউনিয়নের আব্দুর রহিমের স্ত্রী। তিনি বাক ও বুদ্ধি প্রতিবন্ধী ছিলেন।

খোঁজ নিয়ে জানা গেছে, ৪ জানুয়ারি দগ্ধ অবস্থায় হাজেরাকে হাসপাতালে ভর্তি করা হয়। তার শরীরের প্রায় ৪৫ শতাংশ দগ্ধ হয়েছিল। 

হাজেরার স্বজন মেহের নেগার বলেন, প্রচণ্ড শীতের কারণে ঘটনার দিন সকালে বাড়ির উঠানে খড়কুটো জ্বালিয়ে আগুন পোহাচ্ছিলেন হাজেরা। এ সময় তার পরনের কাপড়ে আগুন ধরে যায়। এতে তার কোমর ও বুকের পুড়ে যায়। পাঁচ দিন চিকিৎসার পর তার মৃত্যু হয়।

চিকিৎসক কানিজ ফাতেমা বলেন, শীত মৌসুমে আগুন পোহাতে গিয়ে দগ্ধ রোগীর সংখ্যা দুই থেকে তিন গুণ বেড়ে যায়। এতে কিছুটা চাপের মুখে পড়তে হয় তাদের। তবুও সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করছেন তারা। 

শীত নিবারণে খোলা আগুন ব্যবহারে সতর্কতার পাশাপাশি গরম কাপড় পরিধান এবং পারিবারিক সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান তিনি।

রংপুর আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ মোস্তাফিজুর রহমান বলেন, শুক্রবার সকাল ৯টায় এ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১০ ডিগ্রি সেলসিয়াস। হিমেল বাতাস ও ঘন কুয়াশা শীতের তীব্রতা আরও বাড়িয়ে দিয়েছে। 

চলতি মাসে আরও কয়েকটি মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান এ আবহাওয়াবিদ।