Published : 25 Feb 2026, 07:11 PM
শরীয়তপুরের নড়িয়া উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের বিঝারী উপসী তারা প্রসন্ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আমীন রতনের ওপর হামলার ঘটনায় এক যুবদল নেতাকে দল থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় কমিটি।
বহিষ্কৃত মিজানুর রহমান শিকদার ভোজেশ্বর ইউনিয়ন যুবদলের সভাপতি।
বুধবার দুপুরে যুবদলের কেন্দ্রীয় কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুঁইয়া স্বাক্ষরিত ওই আদেশে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে তাকে প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার করা হলো।
পরে বহিষ্কারাদেশের কপিটি যুবদলের ভেরিফায়েড ফেইসবুক পেইজেও প্রকাশ করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পেশিশক্তি দেখিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টির সুস্পষ্ট অভিযোগে শরীয়তপুরের নড়িয়া উপজেলার ভোজেশ্বর ইউনিয়ন যুবদলের সভাপতি মিজানুর রহমান শিকদারকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।
এতে বলা হয়, বহিষ্কৃত নেতাদের অপকর্মের দায় সংগঠন নেবে না। এমনকি যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তাদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার দুপুরে বিদ্যালয় থেকে অটোরিকশাযোগে বাড়ি ফেরার পথে হামলার শিকার হয় উপজেলার শতবর্ষী বিদ্যাপীঠ বিঝারী উপসী তারা প্রসন্ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আমীন রতন। এতে তার ডান হাত ভেঙে যায়।
বিদ্যালয় ম্যানেজিং কমিটি গঠন নিয়ে এ হামলার অভিযোগ ওঠে উপজেলা যুবদলের সভাপতি ওয়াহিদুজ্জামান নিক্সন খান ও ভোজেশ্বর ইউনিয়ন যুবদলের সভাপতি মিজানুর রহমান শিকদার ও তার লোকজনের বিরুদ্ধে।
বহিষ্কারের বিষয়ে জানতে চাইলে নড়িয়া উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান খোকন বলেন, “আমি বহিষ্কারের বিষয়ে অবগত নই। এ ব্যাপারে আমি কোনো চিঠি পাইনি।”
শরীয়তপুরে শিক্ষককে পিটিয়ে হাত ভাঙার অভিযোগ, যুবদল নেতাদের অস্বীকার