Published : 10 Sep 2026, 04:25 PM
এসএসসি পরীক্ষার খাতা পুনঃমূল্যায়নে সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে নতুন করে আরও ১৮৬ শিক্ষার্থী পাস করেছেন। সেইসঙ্গে নতুন করে জিপিএ ৫ পেয়েছেন ১২১ পরীক্ষার্থী।
এ ছাড়া এক হাজার ২৮৬ জন শিক্ষার্থীর জিপিএ পরিবর্তন হয়েছে।
বৃহস্পতিবার সকালে সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর বিলকিস ইয়াছমীন স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
সিলেট শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর চৌধুরী মামুন আকবর বলেন, আবেদন করা উত্তরপত্রগুলো যথাযথভাবে যাচাই-বাছাই শেষে ফল প্রকাশ করা হয়েছে।
শিক্ষা বোর্ডের প্রকাশিত তথ্যমতে, ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফল পুনঃমূল্যায়নে জন্য মোট ২০ হাজার ৭৮৩ জন পরীক্ষার্থী আবেদন করেন। তাদের আবেদনের সংখ্যা ছিল ৫০ হাজার ৭১৩টি।
পুনঃমূল্যায়নে মোট দুই হাজার ৫৮৭টি খাতা পরিবর্তনের আওতায় এসেছে। এর মধ্যে দুই হাজার ৩২০ জন শিক্ষার্থীর নম্বরে পরিবর্তন হয়েছে। এ ছাড়া এক হাজার ২৮৬ জনের জিপিএ পরিবর্তন হয়েছে।
পুনঃমূল্যায়নের পর ৯৮৬ শিক্ষার্থীর গ্রেড পরিবর্তন হয়েছে। ১২১ জন নতুন করে জিপিএ-৫ পেয়েছেন। আগে থেকেই জিপিএ ৫ পাওয়া ১৪৩ জনের ফলেও পরিবর্তন এসেছে। আর ফেল থেকে ফেলই রয়েছেন ১৫৭ শিক্ষার্থী।
ফল পুনঃমূল্যায়নের পর ১৮৬ শিক্ষার্থী নতুন করে পাস করেছেন। খাতা পুনঃমূল্যায়নের আবেদনের ফল প্রকাশের পর তাদের এসএসসি ফলাফলে পরিবর্তন এসেছে।