১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

পরীক্ষা স্থগিতসহ ৩ দাবিতে কুমিল্লা শিক্ষা বোর্ডের সামনে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ

“আমরা পরীক্ষার্থীদের কথা শুনেছি। যেগুলো আমাদের পক্ষে পূরণ করা সম্ভব সেগুলোর দায়িত্ব আমরা নেব।”

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2026, 02:37 PM

Updated : 11 Sep 2026, 03:39 PM

পরীক্ষা স্থগিতসহ তিন দফা দাবিতে কুমিল্লা শিক্ষা বোর্ডের সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা।

মঙ্গলবার সকালে কুমিল্লা কান্দিরপাড় পূবালী চত্বর থেকে কর্মসূচি নিয়ে কুমিল্লা শিক্ষা বোর্ডের অভিমুখে যাওবার পথে পুলিশের বাধার মুখোমুখি হয় শিক্ষার্থীরা। 

বাধা উপেক্ষা করে তারা কুমিল্লা শিক্ষা বোর্ডের প্রধান ফটকের অবস্থান গ্রহণ করে এবং তিন দফা দাবিতে স্লোগান দেয়। পরে সেখানে বেলা ১১টা থেকে দুই ঘণ্টা অবস্থান করে।  

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা নিজেদের কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ, কুমিল্লা সরকারি কলেজ, রূপসী বাংলা কলেজ, কুমিল্লা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ, সোনার বাংলা কলেজসহ বিভিন্ন কলেজের এইসএসসি পরীক্ষার্থী বলে পরিচয় দেয়।

কুমিল্লা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা জানান, এইচএসসি পরীক্ষার্থীরা শিক্ষা বোর্ডের প্রধান ফটকে অবস্থান নিলে সেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কোতোয়ালি থানার পুলিশ সদস্যদের মোতায়েন করা হয়। পরে শিক্ষা বোর্ডের সচিব তাদের সঙ্গে কথা বলেন।

এ সময় শিক্ষার্থীরা তাদের দাবি উত্থাপন করে বলেন, দেশের সকল কলেজের শিক্ষার্থীদের পক্ষে দাবিগুলো হল- দুর্যোগের প্রাদুর্ভাব পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত পরীক্ষায় স্থগিত রাখতে হবে, যারা বৈরী আবহাওয়ার কারণে ১৩ জুলাই পরীক্ষায় অংশ নিতে পারেনি তাদের পরীক্ষা পুনরায় গ্রহণ এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ। 

পরে পরীক্ষার্থীদের একাংশ দাবি করেন, শিক্ষামন্ত্রীকে পরীক্ষার্থীদের কাছে দুঃখ প্রকাশ করতে হবে। অন্যথায় তাকে পদত্যাগ করতে হবে।

কুমিল্লা শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর মোহাম্মদ জাহাঙ্গীর আলম, উপ পরীক্ষা নিয়ন্ত্রক মো. সালাউদ্দিন ও কোতোয়ালি থানার ওসি তৌহিদুল আনোয়ার এ সময় শিক্ষা বোর্ড ফটকের সামনে উপস্থিত হন। তারা বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেন এবং তাদের বক্তব্য শোনেন।

পরে কুমিল্লা শিক্ষা বোর্ডের সচিব জাহাঙ্গীর আলম সাংবাদিকদের বলেন, “আমরা পরীক্ষার্থীদের কথা শুনেছি। যেগুলো আমাদের পক্ষে পূরণ করা সম্ভব সেগুলোর দায়িত্ব আমরা নেব। 

“আর যেগুলো আমাদের পক্ষে পূরণ করা সম্ভব নয় সেগুলো আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো।” 

ইউএনও ফাতেমা তুজ জোহরা বলেন, “বিক্ষোভকারীদের সংখ্যা একশ’র কম হবে। তাদের দাবি নিয়ে কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ে দুপুরে একটি গুরুত্বপূর্ণ সভা আহ্বান করা হয়েছে। আমরা সেখান থেকে এ বিষয়ে সিদ্ধান্ত জানাতে পারব।”