Published : 19 Jun 2026, 02:51 PM
নীল-সাদা রঙে মোড়ানো বাসটির গায়ে স্থান পেয়েছে বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকা লিওনেল মেসির বিশাল এক প্রতিকৃতি। দূর থেকে দেখলে মনে হবে, যেন আর্জেন্টিনার আস্ত একটি পতাকা রাজপথ চিরে ছুটে চলছে।
‘ফিফা বিশ্বকাপ ফুটবল’ ঘিরে দেশজুড়ে চলছে ফুটবলপ্রেমীদের বাঁধভাঙা উন্মাদনা। প্রিয় দলের প্রতি সমর্থন জানাতে বাড়ি-ঘর পছন্দের দলের পতাকার রঙে রাঙানো কিংবা ছাদে বিশাল আকৃতির পতাকা টানিয়ে রাখার চিরচেনা দৃশ্য এখন পাড়া-মহল্লার গলিতে গলিতে চোখে পড়ছে হরহামেশাই।

আর সেই উন্মাদনার আঁচ থেকে রেহাই পাননি শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পরিবহন ব্যবসায়ী ও ‘মাকসিম ট্রাভেলসের’ স্বত্বাধিকারী গোলাম কিবরিয়া মাকসিমও।
নিজের প্রিয় দল আর্জেন্টিনার প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাতে তিনি পুরো একটি যাত্রীবাহী বাস সাজিয়েছেন আর্জেন্টিনার পতাকার আদলে। এতে বেশ মোটা অঙ্কের টাকা গুনতে হলেও শখ মেটাতে পেরে উচ্ছ্বসিত মাকসিম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেছেন, “আমার প্রায় ২ লাখ টাকার ওপরে খরচ হয়েছে। তবে এটা করতে পেরে আমি মানসিকভাবে অনেক তৃপ্তি পেয়েছি। বাসের যাত্রীদেরও সাড়া পাচ্ছি অনেক।”
নালিতাবাড়ি বাজারের ৫৫ বছর বয়সী মাকসিম আর্জেন্টিনার প্রতি তার ভালোবাসা প্রকাশ করলেও নিজের দেশের প্রতি ভালোবাসাও ভুলে যাননি। তিনি তার বাসের মাঝখানে বাংলাদেশের পতাকা এঁকেছেন এবং বড় করে লিখেছেন-‘সবার আগে বাংলাদেশ।’
তার এই ব্যতিক্রমী উদ্যোগ ইতোমধ্যে নালিতাবাড়ীসহ আশপাশের এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বাসটি সড়কে নামার পর থেকেই পথচারী, যাত্রী ও ফুটবলপ্রেমীদের দৃষ্টি কাড়ছে।
এই বাসের পরপর চারটি ঢাকা-নালিতাবাড়ী ভ্রমণের টিকিট জমা দিলেই পাওয়া যাচ্ছে একটি আর্জেন্টিনার টি-শার্ট।

আমিনুল ইসলাম নামের আর্জেন্টিনার সমর্থক এক যাত্রী বলছিলেন, “পছন্দের দলের পতাকা লাগানো বা বাড়িঘর রঙ করার ঘটনা প্রায়ই দেখা যায়। কিন্তু পুরো একটি বাসকে আর্জেন্টিনার রঙে পাতাকার আদলে সাজাতে এই প্রথম দেখলাম।
“বিষয়টি সত্যিই দারুণ লেগেছে। আমরা বন্ধুরা সিদ্ধান্ত নিয়েছি, সুযোগ পেলেই এই বাসেই যাতায়াত করব।”
ছোটবেলা থেকেই আমি আর্জেন্টিনার সমর্থক বিপ্লব দে কেটু বলেন, “জীবনে অনেক ধরনের সমর্থন দেখেছি, কিন্তু এলাকার একটি বাসকে এভাবে আর্জেন্টিনার রঙে রাঙাতে আগে দেখিনি। বাসে মেসির ছবি দেখে মনটা ভরে গেছে।”
মাকসিম ট্রাভেলসের এই বাসটি প্রতিদিন বেলা ১২টায় নালিতাবাড়ী থেকে ঢাকার মহাখালীর উদ্দেশে ছেড়ে যায় এবং রাত ৮টায় মহাখালী থেকে নালিতাবাড়ীর উদ্দেশে যাত্রা করে।
শৈশবের প্রিয় দল আর্জেন্টিনার প্রতি ভালোবাসা প্রকাশ এবং সবার মাঝে বিশ্বকাপের ফুটবল উৎসবের আমেজ ছড়িয়ে দেওয়াই মাকসিমের এই ব্যতিক্রমী উদ্যোগের মূল উদ্দেশ্য বলে তিনি জানিয়েছেন।

আর্জেন্টিনার এ সমর্থক বলেন, “প্রিয় দল আর্জেন্টিনার পতাকার রঙে বাস সাজালেও নিজের দেশকে গুরুত্ব দিয়ে-‘সবার আগে বাংলাদেশ’ লিখেছি।”
শেরপুরের সাংবাদিক আব্দুল মান্নান সোহেল বলেন, ‘বিশ্বকাপের আমেজে ফুটবলপ্রেমীরা যখন নিজেদের মতো করে প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশে ব্যস্ত, তখন নালিতাবাড়ীর এই আর্জেন্টিনা-থিমের বাসটি হয়ে উঠেছে স্থানীয়দের কাছে এক নতুন আকর্ষণ। এই উদ্যোগ ব্যাপকভাবে সাড়াও ফেলেছে।’’