১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

পদ্মার এক বাঘাআইড় মাছের দাম ৭৭ হাজার টাকা

আড়তদার বলেন, ৫০ কেজির মাছটি দেখতে স্থানীয়রা ভিড় করে।

পদ্মার এক বাঘাআইড় মাছের দাম ৭৭ হাজার টাকা
রাজবাড়ীতে ৫০ কেজির বাঘাআইড় মাছটি ৭৭ হাজার টাকায় বিক্রি হয়েছে।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2025, 06:14 PM

Updated : 26 Aug 2026, 01:17 PM

রাজবাড়ীর পদ্মায় জেলের জালে ধরা পড়া এক ‘মহাবিপন্ন’ বাঘাআইড় বিক্রি হয়েছে সাড়ে ৭৭ হাজার টাকায়। মাছটির ওজন ছিলো ৫০ কেজি।

শনিবার দুপুরে গোয়ালন্দ উপজেলার  দৌলতদিয়া ইউনিয়নের কলা বাগান এলাকায় পদ্মা নদীতে জেলে সিদ্দিক হলদারের জালে মাছটি ধরা পরে। 

সিদ্দিক হলদারের বরাতে আড়তদার রেজাউল মণ্ডল বলেন, দুপুরে সিদ্দিক হলদার তার দল নিয়ে পদ্মায় মাছ শিকারে যায়। নদীর বিভিন্ন এলাকায় জাল ফেলেও মাছের দেখা পাননি। পরে কলাবাগান এলাকায় জাল ফেললে বিশাল আকৃতির বাঘাআইড়টি আটকা পড়ে। 

আড়তদার বলেন, মাছটি দেখতে স্থানীয়রা ভিড় করে। পরে নিলামে এক হাজার ৫৫০ টাকা কেজি দরে মোট ৭৭ হাজার ৫০০ টাকায় মাছটি কিনে নেন মাছ ব্যাবসায়ী চান্দু মোল্লা।

স্থানীয় মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, এত বড় বাঘাআইড় মাছ খুব কমই দেখা যায়। নিলামে মাছটি কেনার পর ফেরি ঘাটের পন্টুনে বেঁধে রাখা হয়েছে। মাছটি বিক্রির জন‌্য দেশের বিভিন্ন জায়গায় যোগাযোগ করা হচ্ছে। কেজি প্রতি একশ টাকা লাভ পেলেই মাছটিকে বিক্রি করা হবে। 

এদিকে, বাঘাইড় মাছ বাংলাদেশ বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন ২০১২-এর ২ নম্বর তপশিলভুক্ত একটি সংরক্ষিত বন্যপ্রাণী। মহাবিপন্ন প্রজাতির এই মাছ শিকার, ক্রয়-বিক্রয় ও পরিবহন কিংবা দখল আইনত নিষিদ্ধ এবং শাস্তিযোগ্য অপরাধ। 

আইন অনুযায়ী, এসব অপরাধে সর্বোচ্চ এক বছরের কারাদণ্ড অথবা ৫০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ডই হতে পারে। তবে আইনের তোয়াক্কা না করেই বাঘাইড় শিকার ও কেনাবেচা চললেও নেই কোনো নজরদারি।

রাজবাড়ী জেলা বনবিভাগের এক কর্মকর্তা বলেন, খুব শিগগির দৌলতদিয়ায় জেলেদের সঙ্গে সভা করা হবে। সভায় তাদের বোঝানো হবে বাঘাআইড় শিকার, কেনাবেচা নিষিদ্ধ। এরপর থেকে যারা বাঘাআইড় শিকার, কেনাবেচা করবে তাদের আইনের আওতায় আনা হবে।