১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা: ১১ কার্যদিবসের মধ্যে অভিযোগপত্র

২০ জুলাই নড়াইলে প্রতিবেশীর ঘর থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা: ১১ কার্যদিবসের মধ্যে অভিযোগপত্র
নড়াইল সদর উপজেলার একটি গ্রাম থেকে পাঁচ বছরের শিশুটির লাশ উদ্ধারের পরদিন আসামি রবিউল শিকদার রবিকে গ্রেপ্তার করে পুলিশ।

নড়াইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2026, 09:59 PM

Updated : 11 Sep 2026, 03:47 PM

নড়াইল সদরে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় করা মামলার ১১ কার্যদিবসের মধ্যে একমাত্র আসামি বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র প্রদান করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে নড়াইল সদর আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মারুফ হাসান অভিযোগপত্রটি গ্রহণ করেন বলে জানান মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক অজয় কুমার কুণ্ডু।

আসামি রবিউল শিকদার রবি সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের বাসিন্দা।

তদন্ত কর্মকর্তা অজয় কুমার বলেন, “গুরুত্বপূর্ণ এ মামলাটির ময়নাতদন্ত প্রতিবেদন ২২ জুলাই ও ডিএনএ পরীক্ষার প্রতিবেদন ২৮ জুলাই হাতে পাই। পরে মাত্র ১৫ দিনের মধ্যে তদন্ত শেষ করে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।”

১১ কার্যদিবসে মামলাটি তদন্ত শেষ করা হয়; ভুক্তভোগী পরিবার ন্যায় বিচার পাবে বলে আশা এই তদন্ত কর্মকর্তার।

এর আগে ২০ জুলাই বিকালে সদর উপজেলার একটি গ্রামের পাঁচ বছরের এক মেয়েকে ধর্ষণের পর হত্যার অভিযোগ ওঠে। ঘটনার পরদিন সকালে সদর উপজেলার দত্তপাড়া বাসস্ট্যান্ড থেকে স্থানীয় জনতা রবিউলকে আটক করে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।

পুলিশ পরিদর্শক অজয় কুমার বলেন, ধর্ষণের পর হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আসামি রবিউলকে সাত দিনের রিমান্ড আবেদন করা হলে বিচারক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

পরে আসামি রবিউল শিশুটিকে ধর্ষণের পর হত্যার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন বলে জানান তিনি।

পুলিশ জানায়, ঘটনার দিন বিকাল ৫টার দিকে শিশুটিকে ডেকে নিয়ে যায় প্রতিবেশী রবিউল। পরিবারের লোকজন শিশুটিকে খোঁজাখুঁজি করে না পেয়ে রবিউলকে সন্দেহ করে। পরে রবিউলের ঘরে গিয়ে শিশুটিকে কাঁথা দিয়ে পেঁচানো অবস্থায় পায়।

সেখান থেকে শিশুটিকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পরে এ ঘটনায় রাতেই শিশুটির বাবা বাদী হয়ে রবিউলসহ অজ্ঞাতপরিচয় কয়েকজনকে আসামি করে মামলা করেন।