Published : 23 Feb 2025, 07:36 PM
কর দেওয়ায় নগরবাসীর উৎসাহ বাড়াতে দিনব্যাপী করমেলা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন।
রোববার নগরীর ওয়াসা মোড়ে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের নিচতলায় এই মেলা হয়, যেখানে গৃহকর পরিশোধ, ই-ট্রেড লাইসেন্সের শতভাগ সারচার্জ মওকুফ ও আপিল শুনানির সুবিধা ছিল।
করমেলার অনুষ্ঠানে নগরবাসীর উদ্দেশে মেয়র শাহাদাত হোসেন বলেন, “চট্টগ্রামকে সবুজ ও পরিষ্কার শহরে পরিণত করতে নিয়মিত কর পরিশোধ করুন।”
চট্টগ্রাম সিটি করপোরেশনকে আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে বিভিন্নভাবে কর আদায় বাড়ানোর চেষ্টা করছেন জানিয়ে মেয়র বলেন, “এরই মধ্যে বন্দরকে আমরা চিঠি লিখেছি। আমাদের যে ন্যায্য কর, তা যেন দেওয়া হয়।”
“৭০ থেকে ৮০ টনের যান চলাচল করায় নগরীর অনেক সড়ক ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। অথচ রক্ষণাবেক্ষণের জন্য পর্যাপ্ত আর্থিক সহায়তা মিলছে না।”
নিষ্পত্তি না হওয়া গৃহকরের বিষয়ে তিনি বলেন, “আপনাদের ওপর করের বোঝা চাপিয়ে দিতে চাই না। আপনারা যেন এই কর সহজভাবে দিতে পারেন, সে ব্যবস্থা করে দিব।
কর পরিশোধ হয়রানিমুক্ত করতে শিগগিরই হোল্ডিং ট্যাক্স অনলাইনে পরিশোধের ব্যবস্থা চালু করা হবে বলে প্রতিশ্রুতি দেন মেয়র।
তিনি বলেন, “এখনো যদি কোনো কর্মকর্তা আপনাদের কাছ থেকে অতিরিক্ত কিছু চায় আমাদের জানাবেন। তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে; কোনো ছাড় দেওয়া হবে না। আমরা দুর্নীতিবিহীন সমাজ ও শহর বিনির্মাণ করতে চাই।”
অনুষ্ঠানে অন্যদের মধ্যে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, প্রধান রাজস্ব কর্মকর্তা সরোয়ার কামাল, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী ও রাজস্ব কর্মকর্তা সাব্বির রহমান সানি উপস্থিত ছিলেন।