১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ঝিনাইদহে ‘মানসিক প্রতিবন্ধী’ শ্বশুরের আঘাতে প্রাণ গেল পুত্রবধূর

আব্দুর রব বলেন, তার বাবা মুকুল শেখ দীর্ঘদিন ধরে মানসিক প্রতিবন্ধী, তার অসুস্থতা সম্প্রতি বেড়ে গিয়েছিল।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2025, 02:05 PM

Updated : 26 Aug 2026, 02:32 PM

ঝিনাইদহের শৈলকুপায় শ্বশুরের বটির আঘাতে পুত্রবধূর মৃত্যুর অভিযোগ উঠেছে। শ্বশুর ‘মানসিকভাবে প্রতিবন্ধী’ বলে দাবি স্বজনদের। 

রোববার ভোরে উপজেলার পাইকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন শৈলকুপা থানার ওসি মো. মাসুম খান। 

নিহত লিমা খাতুন (২৮) ওই গ্রামের মুকুল শেখের ছেলে আব্দুর রবের স্ত্রী। দুটি লিমা-আব্দুর রব দম্পতির দুটি সন্তান আছে।

আব্দুর রব বলেন, তার বাবা মুকুল শেখ দীর্ঘদিন ধরে মানসিক প্রতিবন্ধী, তার অসুস্থতা সম্প্রতি বেড়ে গিয়েছিল। 

পরিবারের সদস্যদের বরাতে ওসি মাসুম খান বলেন, রোববার ভোরের দিকে লিমা খাতুন প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হয়ে টয়লেটে যান। সেখান থেকে বের হলে হঠাৎ করে শ্বশুর মুকুল শেখ ধারালো বটি দিয়ে তার বুকে আঘাত করে। 

এ সময় লিমার আর্তচিৎকারে পরিবারের লোকজন এসে তাকে উদ্ধার করে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আর মুকুল শেখকে শিকল ও দড়ি দিয়ে বেধে রাখে স্বজনরা। 

ওসি আরও বলেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠিয়েছে। মুকুল শেখকেও আটক করে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। 

নিহতের পরিবারের পক্ষ থেকে পরবর্তী আইনি ব্যবস্থার প্রক্রিয়া চলছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।