Published : 06 Nov 2025, 06:02 PM
নওগাঁর রাণীনগরে ধানক্ষেত থেকে এক ভ্যান চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার রাণীনগর-আবাদপুকুর সড়কের হরিপুর এলাকার ধানক্ষেতে স্থানীয়রা তার লাশ দেখতে পায় বলে জানিয়েছেন রাণীনগর থানার ওসি আব্দুল হাফিজ মো. রায়হান।
মৃত জুয়েল (৩৫) উপজেলার রাতোয়াল সোলগাড়িয়াপাড়া গ্রামের মো. কাশেমের ছেলে। তিনি ব্যাটারিচালিত ভ্যান চালানোর পাশাপাশি বিভিন্ন সময়ে সবজি বা আখের ব্যবসা করতেন।
জুয়েলের ভগ্নিপতি সুজন বলেন, বৃহস্পতিবার ভোরের দিকে সবজি কেনার জন্য পাঁচ থেকে সাত হাজার টাকাসহ জুয়েল নিজের ভ্যানগাড়ি নিয়ে জয়পুরহাটের আক্কেলপুর হাটের উদ্দেশ্যে বেরিয়ে যান।
“এরপর সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে আমরা লোকমারফত খবর পাই জুয়েলের লাশ উপজেলার হরিপুর এলাকায় সড়কের পাশে ধানক্ষেতে পড়ে আছে। ”
তিনি আরও বলেন, “ঘটনাস্থলে উপস্থিত লোকজনের মাধ্যমে আমরা জানতে পারি- জুয়েলের একটি হাতে দড়ি বাধা ছিল। আর তার লাশ বিবস্ত্র অবস্থায় ধানক্ষেতে পড়েছিল।
“জুয়েলের কারো সঙ্গে কোনো শত্রুতা ছিল না। হাটে যাওয়ার সময় ভ্যানগাড়ি ও টাকা ছিনতাই করার জন্য তাকে হত্যা করেছে।”
ওসি আব্দুল হাফিজ মো. রায়হান বলেন, খবর পেয়ে দুপুর সাড়ে ১২টার দিকে ঘটনাস্থল থেকে যুবক জুয়েলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
“তার শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। তবে তার একটি হাতে রশি বাধা ছিল। ভ্যানগাড়িটিও পাওয়া যায়নি।”
ওসি আরও বলেন, এ ঘটনায় জুয়েলের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করা হয়েছে। পুলিশের তদন্তও চলমান রয়েছে। দ্রুত মৃত্যুর সঠিক কারণ উদঘাটনসহ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।