২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

মেঘনায় কার্গো জাহাজের ধাক্কায় ৩০০ মণ লবণ নিয়ে নৌকাডুবি

কক্সবাজারের কুতুবদিয়া থেকে লবণ বোঝাই করে নৌকাটি ভোলার হয়ে খুলনায় যাচ্ছিল।

মেঘনায় কার্গো জাহাজের ধাক্কায় ৩০০ মণ লবণ নিয়ে নৌকাডুবি
রাতে ঘন কুয়াশার কারণে ভোলার ধনিয়া ইউনিয়ন সংলগ্ন মেঘনা নদীতে নৌকাটি নোঙ্গর করে রাখা অবস্থায় একটি কার্গো জাহাজ ধাক্কা দিয়ে চলে যায়।

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2026, 09:33 PM

Updated : 26 Aug 2026, 05:29 PM

ভোলার মেঘনা নদীর কার্গো জাহাজের ধাক্কায় ৩০০ মণ লবণ নিয়ে ‘এমভি দিলোয়ারা-৩’ নামে একটি নৌকা ডুবে গেছে। তবে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। 

শুক্রবার সকালে থেকে নৌকাটি উদ্ধারে কোস্ট গার্ড ও নৌ-পুলিশ সদস্যরা চেষ্টা চালাচ্ছেন।

বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে সদর উপজেলার ধনিয়া ইউনিয়ন সংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে বলে জানান ভোলা সদর ইলিশা নৌ-থানার ওসি সৈয়দ আশিকুর রহমান।

নৌকার মাঝি ও শ্রমিকরা জানান, রাতে মেঘনায় ঘন কুয়াশার কারণে নৌপথে চলাচলকারী অন্য কার্গো জাহাজের সঙ্গে লবণবোঝাই নৌকাটিও নদীতে নোঙ্গর করে রাখা ছিল। এ সময় অজ্ঞাত একটি কার্গো জাহাজ নৌকাটিকে ধাক্কা দিয়ে চলে যায়।

এতে নৌকাটি ফেটে পানি ঢুকে প্রায় ৯৫ ভাগ ডুবে যায়। তাৎক্ষণিক নৌকায় থাকা মাঝিসহ অন্য শ্রমিকরা অন্য নৌকায় করে তীরে চলে যান।

নৌকার মাঝি মো. বিল্লাহ হোসাইন বলেন, “বৃহস্পতিবার সকালে কক্সবাজারের কুতুবদিয়া থেকে ৩০০ মণ লবণ নিয়ে একটি নৌকা চট্টগ্রাম চ্যানেল দিয়ে ভোলার মেঘনা নদী হয়ে খুলনায় যাচ্ছিলাম।

“পথে আমাদের নৌকাটিকে অচেনা একটি কার্গো জাহাজ ধাক্কা দেয়। এতে নৌকার এক পাশ ফেটে পানিতে ডুবে যায়। এ ঘটনায় কোনও হতাহত না হলেও প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।”

ওসি আশিকুর রহমান বলেন, নৌকাটি উদ্ধারসহ আইনি কার্যক্রম চলমান রয়েছে।