Published : 07 May 2026, 03:08 PM
রংপুরের মিঠাপুকুর উপজেলায় নিখোঁজের একদিন পর এক কৃষকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে ৯ নম্বর ময়েনপুর ইউনিয়নের নাগেরহাট-কদমতলা সড়কের কসবা কৃষ্ণনগরগামী কাঁচা রাস্তা সংলগ্ন একটি আম বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে মিঠাপুকুর থানার ওসি তদন্ত নুর আলম জানান।
নিহত ৪০ বছর বছর বয়সী আবু সাঈদ উপজেলার ১০ নম্বর বালুয়া মাসিমপুর ইউনিয়নের উঁচা বালুয়া বালাবাড়ি গ্রামের মো. আজগর আলীর ছেলে।
তিনি পেশায় একজন কৃষক ছিলেন এবং নিজ বাড়িতে গবাদি পশু পালন করতেন।
তার লাশ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
নিহতের পরিবার বলছে, বুধবার বাড়ির কাজ শেষে পাশের শাল্টির বাজারে যান আবু সাঈদ। রাত আনুমানিক ৮টার দিকে বাজারে তার চাচা বিপুল মিয়ার সঙ্গে শেষ কথা হয় তার।
এরপর গভীর রাত পর্যন্ত তিনি বাড়ি না ফেরায় পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করেন। কিন্তু কোথাও তাঁর সন্ধান পাওয়া যায়নি।
ওসি নুর আলম বলেন, “আকমল হোসেনের আম বাগানে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়।
“পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাশের ছবি দেখে পরিবারের সদস্যরা তাকে শনাক্ত করেন।”
তিনি বলেন,“মরদেহের গলায় ধারালো অস্ত্রের গভীর ক্ষত চিহ্ন রয়েছে।”
হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটন এবং জড়িতদের চিহ্নিত করতে পুলিশ তদন্ত শুরু করেছে বলে ওসি জানিয়েছেন।