১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

বেনাপোলে ধানক্ষেত থেকে শ্রমিকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার

স্থানীয়দের ধারণা, তাকে নির্যাতনের পর হত্যা করা হয়েছে।

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2026, 03:41 PM

Updated : 26 Aug 2026, 03:28 PM

যশোরের বেনাপোলে ধানক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ; যাকে নির্যাতনের পর হত্যা করা হয়েছে বলে ধারণা স্থানীয়দের।

বৃহস্পতিবার সকালে বেনাপোলের সীমান্তবর্তী বড়আঁচড়া গ্রামের রাস্তার পাশের ধানক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয় বলে বেনাপোল পোর্ট থানার ওসি আশরাফ হোসেন জানিয়েছেন।

নিহত ৪৮ বছর বয়সী ইউনুস আলী বেনাপোল পোর্ট থানার ছোটআঁচড়া গ্রামের মোস্তাব আলীর ছেলে।

তিনি বেনাপোল থেকে আমদানি করা মালামালবাহী ট্রাকগুলোর সঙ্গে থেকে সেগুলো নিরাপদে পৌঁছে দেওয়ার (এসকর্ট) কাজ করতেন।

স্থানীয়দের বরাতে পুলিশ বলছে, নিহত ব্যক্তির শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে নির্যাতনের পর হত্যা করে মরদেহ ধানক্ষেতে ফেলে রেখে গেছে।

ওসি আশরাফ হোসেন বলেন, “কৃষকরা মাঠে কাজ করতে গিয়ে ধানক্ষেতে একটি মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়।

“পরে পুলিশ গিয়ে তা উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে মর্গে পাঠায়।”

এ হত্যাকাণ্ডের কারণ এবং জড়িতদের চিহ্নিত করতে তদন্ত চলছে বলে জানিয়েছেন এ পুলিশ কর্মকর্তা।