১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে চালকের মৃত্যু

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে মৃত ঘোষণা করা হয়, বলছে পুলিশ।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2025, 01:22 PM

Updated : 26 Aug 2026, 01:28 PM

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় যাত্রীবাহী একটি বাস রাস্তার পাশে খাদে পড়ে চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ১০ জন।

উপজেলার দিকনগর ইউনিয়নের বিশ্বম্ভরদি গ্রামের ঢাকা-বরিশাল মহাসড়কে সোমবার রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে ভাঙ্গা হাইওয়ে থানার ওসি রকিবুজ্জামান জানান।

নিহত ৪০ বছর বয়সী রফিকুল সিকদার পটুয়াখালীর দশমনিয়া উপজেলার বেতাগী গ্ৰামের মানিক সিকদারের ছেলে।

এ ঘটনায় আহত ১০ জনকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।  

ওসি রকিবুজ্জামান বলেন, “বরিশাল থেকে ছেড়ে আসা ঢাকাগামী চেয়ারম্যান পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস বিশ্বম্ভরদি গ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।

খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানার পুলিশ ও ভাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে উদ্ধার কাজ শুরু করেন।

“পরে বাসচালক রফিকুলসহ আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা চালককে মৃত ঘোষণা করেন।”

আইনি প্রক্রিয়া শেষে রফিকুলের লাশ পরিবারের সদস্যের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।