বালু তোলা নিয়ে দ্বন্দ্ব: গুলিবিদ্ধ পৌর মেয়রের বিরুদ্ধে আদালতে মামলা
আদালত মামলাটি নিয়মিত এজাহার হিসেবে গণ্য করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সোনাগাজী থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।
ফেনী নদী ও কলমির চরে বালু তোলা নিয়ে দ্বন্দ্বের ঘটনায় আদালতে মামলা হয়েছে। চট্টগ্রামের মিরসরাইয়ের বারইয়ারহাট পৌরসভার মেয়র রেজাউল করিম খোকনসহ এতে ৪২ জনকে আসামি করা হয়েছে।
সোমবার ফেনীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম কামরুল হাসানের আদালতে নুরুল আলম নামের এক ব্যক্তি মামলাটি দায়ের করেন করেন। তিনি ফেনীর ফাজিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুল হক রিপনের মালিকানাধীন ‘প্রত্যয় এন্টারপ্রাইজের’ ম্যানেজার।
বাদির আইনজীবী কাজী বুলবুল আহমেদ সোহাগ বলেন, মামলায় বারইয়ারহাট পৌরসভার মেয়র রেজাউল করিম খোকনকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া ২২ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত পরিচয় ১৫-২০ জনসহ মোট ৪২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
বিচারক মামলাটি নিয়মিত এজাহার হিসেবে গণ্য করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে সোনাগাজী মডেল থানার ওসি মুহাম্মদ খালেদ হোসেন দাইয়্যানকে আদেশ দিয়েছেন বলে জানান তিনি।
এ মামলার আসামিরা হলেন-বারইয়ারহাট পৌরসভার মেয়র ও বারইয়ারহাট পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম খোকন, যুবলীগ নেতা অশোক সেন, মিজানুর রহমান রিয়াদ, চট্টগ্রামের জোরারগঞ্জ বাঁশখালী ইউনিয়নের আজমপুর গ্রামের ফরহাদ, রাজু, সুজন,পশ্চিম হিঙ্গগুলি গ্রামের আবু নাঈম, হিঙ্গগুলি গ্রামের মোহাম্মদ শাহরিয়ার সোহেল, সোনাপাহাড় গ্রামের আবু সাঈদ, আশ্রাফুল ইসলাম, বাঁশখালী গ্রামের মেহেদী হাসান, করেরহাটের পশ্চিম জোয়ার গ্রামের মো. রাসেল, জোরারগঞ্জের ভালুকিয়া গ্রামের ফরহাদ হোসেন রাজু, দক্ষিণ অলি নগরের সাইফুল ইসলাম, পশ্চিম জোয়ারের সাইম নিজাম সাকিব, সাইফুজ্জামান মাসুদ, করের হাটের হাবিলদার বাসার শহীদুল জামান জুয়েল, ফেনীর ছাগলনাইয়ার নিজকুঞ্জরা গ্রামের জোবায়ের পারভেজ, মো. হারুন, ঘোপাল ইউনিয়নের সমিতি বাজার গ্রামের মো. পারভেজসহ অজ্ঞাতনামা ১৫-২০ জন।
মামলার বিবরণে বলা হয়, ফাজিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুল হক রিপনের লিজ নেওয়া বালুমহালে গত ১৪ অক্টোবর রেজাউল করিম খোকনের নেতৃত্বে তার সহযোগিরা হামলা করে। তারা এলোপাতাড়ি গুলি করে পাঁচটি বোটে তিন লক্ষাধিক টাকার বালু, ১৬টি ব্যাটারি, ২০ ড্রাম ডিজেলসহ ৫ লাখ ৭০ হাজার টাকার মালামাল লুট ও চারটি নোঙর করা জাহাজ ভাঙচুর করে ৭ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন করে। এতে কয়েকজন আহত হন।
এ ঘটনায় ফাজিলপুর ইউপি চেয়ারম্যান মজিবুলকে প্রধান আসামি করে ২২ জনের বিরুদ্ধে সোনাগাজী মডেল থানায় মামলা দায়ের করেন মেয়র খোকনের ব্যবসায়ীক অংশীদার মো. মিজানুর রহমান।
ওই মামলায় পুলিশ শাকিল, নূর আলম, পলাশ ও মাসুদ উদ্দিনসহ চারজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে বলে জানিয়েছেন সোনাগাজী মডেল থানার ওসি মুহাম্মদ খালেদ হোসেন।
ফেনী নদীর বিভিন্ন স্পট ও কলমির এলাকা থেকে ভ্রাম্যমাণ ড্রেজার দিয়ে বালু তোলা নিয়ে পৌর মেয়র রেজাউল করিম খোকন ও মজিবুল হক রিপন ও তাদের সমর্থকের প্রকাশ্যে দ্বন্দ্ব শুরু হয়। গত ১৩ অক্টোবর রাতে খোকনের লোকজন বালু তুলতে গেলে রিপনের অনুসারীরা দুটি বালুবাহী বোট আটকে রাখে।
পরদিন দুপুরে আরেকটি বোটে করে খোকন তার অনুসারীদের নিয়ে বোট দুটি ছাড়িয়ে আনতে গেলে রিপনের ১৫-২০ জন সশস্ত্র অনুসারী এলোপাথাড়ি গুলি করে।
এতে খোকনসহ তার অনুসারী যুবলীগ নেতা অশোক সেন ও শহীদ খান দুখু গুলিবিদ্ধ হন। তারা চট্টগ্রামে মেডিকের কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
