১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

পৌর মেয়র গুলিবিদ্ধ: মামলায় আসামি ফেনীর ইউপি চেয়ারম্যান

মামলায় ১২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও সাত-আট জনকে আসামি করা হয়েছে।

পৌর মেয়র গুলিবিদ্ধ: মামলায় আসামি ফেনীর ইউপি চেয়ারম্যান

ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের চেয়ারম্যান মজিবুল হক রিপন।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2022, 04:47 PM

Updated : 15 Oct 2022, 04:47 PM

ফেনী নদীতে বালু তোলা নিয়ে আওয়ামী লীগের দুপক্ষের দ্বন্দ্বের জেরে মিরসরাইয়ের বারইয়ারহাট পৌরসভার মেয়রসহ তিনজন গুলিবিদ্ধের ঘটনায় মামলা হয়েছে; গ্রেপ্তার করা হয়েছে দুজনকে। 

মামলায় ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ফাজিলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুজিবুল হক রিপনকে প্রধান আসামি করা হয়েছে বলে সোনাগাজী মডেল থানার ওসি মো. খালেদ হোসেন দাইয়্যান জানান।

তিনি বলেন, শুক্রবার রাতে চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার ওসামানপুর ইউনিয়নের মিজানুর রহমান রিয়াদ বাদী হয়ে মামলাটি করেন। মামলায় ১২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও সাত-আট জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারনামীয় আসামি শাকিল ও নুর আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের শনিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

শুক্রবার দুপুরে মিরসরাইয়ের করেরহাট ইউনিয়নে একটি বিদ্যুৎকেন্দ্রের জায়গা ভরাট করতে ফেনী নদীর মিরসরাই অংশ থেকে ড্রেজার নিয়ে বালু তুলতে যান রেজাউল করিম ও তার লোকজন। তখন ইউপি চেয়ারম্যান মজিবুল হক রিপনের লোকজন তাদের ওপর হামলা ও গুলি করেন বলে অভিযোগ করেছেন মেয়রের সমর্থকরা। এ সময় মেয়রসহ তিনজন গুলিবিদ্ধ হন।

এ ঘটনায় দায়ের করা মামলার এজাহারে বলা হয়েছে, করেরহাট ইউনিয়নের হাবিলদার বাসা এলাকায় পিজিসিপির নিয়ন্ত্রণাধীন একটি পাওয়ার ডিস্ট্রিবিশন সেন্টারে বালি ভরাটের কাজ চলছে। বারইয়ারহাট পৌরসভার মেয়র রেজাউল করিম খোকনের নির্দেশে বাদী জোরারগঞ্জ থানার ওসমানপুর ইউনিয়নের ফেনী নদী থেকে বালু উত্তোলন করে সরবরাহ করছে।

মামলার প্রধান আসামিসহ অন্যরা বাদীর কাছে চাঁদা দাবি করে আসছিল এবং বিভিন্ন সময় হুমকি-ধামকিও দিচ্ছিল।

মেয়র রেজাউল করিম খোকন শুক্রবার ইঞ্জিলচালিত নৌকা নিয়ে বালি উত্তোলনের কাজ পরিদর্শনে যান। এ সময় ইউপি চেয়ারম্যান মুজিবুল হক রিপনের নির্দেশে আসামি মো. বেলাল ওরফে কিলার বেলালের নেতৃত্বে ৮ থেকে ১০ জন অস্ত্রধারী সন্ত্রাসী ট্রলারে এসে গুলিবর্ষণ করে।

এতে বারইয়ারহাট পৌরসভার মেয়র রেজাউল করিম খোকন, অশোক সেন ও শাহেদ খান দুখু গুলিবিদ্ধ হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

আহতরা বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সোনাগাজী মডেল থানার ওসি মো. খালেদ হোসেন দাইয়্যান বলেন, মামলার অপরাপর আসামিদের গ্রেপ্তার পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

তবে হামলার সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করে ফাজিলপুর ইউনিয়নের চেয়ারম্যান মজিবুল হক রিপন বলেন, “বারইয়ারহাট পৌরসভার মেয়র রেজাউল করিম আমার ইজারা নেওয়া এলাকায় অবৈধভাবে বালু তুলতে এলে স্থানীয় লোকজন তাড়িয়েছেন বলে শুনেছি। এ ঘটনায় আমার কোনো যোগসূত্র নাই। আমি বৈধ ইজারাদার হলেও ওই এলাকায় এখনও একবারের জন্যও যাইনি।” 

আরও পড়ুন:

পুরনো খবর:

বালু তোলা নিয়ে আওয়ামী লীগের দুপক্ষে দ্বন্দ্ব, বারইয়ারহাটের মেয়র গুলিবিদ্ধ