Published : 16 Sep 2026, 11:09 PM
নোয়াখালীর হাতিয়ার জোড়খালী উচ্চ বিদ্যালয়ে এক সপ্তাহে ৪৬ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছে।
শিক্ষার্থীরা বারবার কেন অসুস্থ হয়ে পড়ছে, তা খুঁজে বের করতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান নোয়াখালী জেলা সিভিল সার্জন আনোয়ার হোসেন।
তিনি বলেন, হাতিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে। কমিটির অন্য দুই সদস্য হলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও হাতিয়া থানার ওসি। তাদের সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
সিভিল সার্জন বলেন, স্বাস্থ্য বিভাগের প্রাথমিক ধারণা, শিক্ষার্থীরা ‘ম্যাস হিস্টিরিয়া’র কারণে অসুস্থ হয়ে পড়ছে। সোমবার নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া এক শিক্ষার্থীর বিভিন্ন পরীক্ষা করেও অসুস্থতার অন্য কোনো কারণ পাওয়া যায়নি।
বুধবার দুপুরে বিদ্যালয়ের নয় শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। পরে বিকালে আরও দুই শিক্ষার্থী অসুস্থ হয়ে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। দুপুরের নয়জনের মধ্যে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
মানসী রানি সরকার বলেন, খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার ওসি ও স্বাস্থ্য বিভাগের চিকিৎসকরা বিদ্যালয়ে যান। আগের দুই দফার মতো বুধবারের ঘটনাটিও তাদের কাছে ‘ম্যাস হিস্টিরিয়া’ বলে মনে হয়েছে। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
এর আগে ৭ সেপ্টেম্বর ১৬ জন এবং ১৪ সেপ্টেম্বর ২১ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নেয়। বুধবারের ১১ জনসহ এক সপ্তাহে মোট ৪৬ শিক্ষার্থী অসুস্থ হয়েছে।
তবে শিক্ষার্থীদের অসুস্থ হওয়ার কারণ নিয়ে কৃষি বিভাগের পর্যবেক্ষণে ভিন্ন তথ্য পাওয়া গেছে। ৭ সেপ্টেম্বরের ঘটনার পর কৃষি বিভাগের তদন্তে বলা হয়, বিদ্যালয়ের পাশের জমিতে কীটনাশক ব্যবহারের কারণে বাতাসে গন্ধ ছড়িয়ে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে থাকতে পারে।