১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

টাঙ্গাইলে বন্ধুদের সঙ্গে যমুনায় গোসলে নেমে স্কুলছাত্র নিখোঁজ

নদীতে নিখোঁজ কিশোরকে সন্ধ্যা পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি বলে জানায় ফায়ার সার্ভিস।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2026, 10:51 PM

Updated : 11 Sep 2026, 03:30 PM

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় বন্ধুদের সঙ্গে যমুনা নদীতে গোসল করতে নেমে এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে।

শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার গোহালিয়াবাড়ি ইউনিয়নের যমুনা নদীর পূর্ব পাড় পাথরঘাট এলাকায় এ ঘটনা ঘটে বলে টাঙ্গাইল সদর ফায়ার সার্ভিস স্টেশনের লিডার মোস্তফা কামাল জানিয়েছেন।

নিখোঁজ মো. মঈন (১৫) মাগুরা জেলার মনিরুজ্জামানের ছেলে এবং টাঙ্গাইলের সৃষ্টি একাডেমির নবম শ্রেণির শিক্ষার্থী। সে পরিবারের সঙ্গে টাঙ্গাইল শহরের কলেজপাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করে।

ফায়ার সার্ভিস ও স্বজনরা জানান, সকালে বন্ধুর জন্মদিনের পার্টির কথা বলে বাড়ি থেকে বের হয় মঈন। পরে একই স্কুলের শিক্ষার্থীসহ আটজন বন্ধু যমুনা নদীতে গোসল করতে নামে। এক পর্যায়ে সাঁতার না জানা তিন বন্ধু পানিতে তলিয়ে যায়।

এ সময় অপর বন্ধুরা দুইজনকে উদ্ধার করতে পারলেও মঈনকে খুঁজে পায়নি। পরে ফায়ার সার্ভিসকে ফোন করলে তারা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেন। তবে সন্ধ্যা পর্যন্ত তাকে খুঁজে না পাওয়ায় অভিযান স্থগিত করা হয়। 

শনিবার সকাল থেকে আবারও উদ্ধার কাজ শুরু করা হবে বলে জানান ফায়ার সার্ভিস কর্মকর্তা মোস্তফা কামাল। 

তিনি বলেন, “সন্ধ্যা ৭টা পর্যন্ত উদ্ধার কাজ চালানো হয়। আগামীকাল সকাল থেকে আবার উদ্ধার কাজ শুরু করা হবে। সন্ধ্যা হওয়ায় উদ্ধার অভিযান স্থগিত করা হয়।”