মানিকগঞ্জে বাজারে অগ্নিকাণ্ডে ২০ দোকান পুড়ে ছাই, দগ্ধ ১
“হঠাৎ পাশের দোকানে আগুন লাগে। পরে বিকট শব্দে বিস্ফোরণ হয়। পরে দেখি চারদিকে আগুন ছড়িয়ে পড়েছে।”
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার একটি বাজারে আগুন লেগে অন্তত ২০টি দোকান পুড়ে গেছে। এতে দগ্ধ হয়েছেন একজন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে বয়ড়া ইউনিয়ন পরিষদের আন্ধারমানিক বাজারের একটি ডিজেল ও পেট্রোলের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়।
পরে ফায়ার সার্ভিস প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে তা নিয়ন্ত্রণে আনে বলে মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল হামিদ মিয়া জানান।
বয়ড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আন্ধারমানিক বাজার বণিক সমিতির সভাপতি ফরিদুর রহমান বলেন, আগুনে মিন্টু দত্ত নামে এক ডিজেল ও পেট্রোল বিক্রেতা গুরুতর দগ্ধ হয়েছেন।
এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের।
স্থানীয়দের ভাষ্য, বিল্টু দত্ত ও মিন্টু দত্তের ডিজেল ও পেট্রোলের দোকানে ড্রামে জ্বালানি ভর্তি করার সময় হঠাৎ আগুন লাগে। পরে তা দ্রুত পাশের একটি হোটেলের গ্যাস সিলিন্ডার এবং গ্যাস সিলিন্ডারের দোকানে ছড়িয়ে পড়ে। এতে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।
এ সময় বাজারজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাণ বাঁচাতে ব্যবসায়ী ও ক্রেতারা ছোটাছুটি শুরু করেন।
আন্ধারমানিক বাজারের হোটেল মালিক সুজন সরকার বলেন, “হঠাৎ পাশের দোকানে আগুন লাগে। পরে বিকট শব্দে বিস্ফোরণ হয়। পরে দেখি চারদিকে আগুন ছড়িয়ে পড়েছে। কিছু বুঝে ওঠার আগেই আমারসহ কয়েকটি দোকান আগুনে পুড়ে যায়।”
“অগ্নিকাণ্ডে মিন্টু দত্ত নামে এক ডিজেল ও পেট্রোল বিক্রেতা গুরুতর দগ্ধ হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়।”
বাজারের গ্যাস সিলিন্ডার বিক্রেতা ইমদাদুল বলেন, “পেট্রোলের দোকান থেকে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের হরিরামপুর স্টেশনের দুটি এবং আরিচা স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।”
এদিকে আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, অনেকেরই দোকানের সব মালামাল পুড়ে গেছে। এতে তারা চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।
বাজার বণিক সমিতির সভাপতি ফরিদুর রহমান বলেন, “আগুনে অনন্ত ২০টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা আমাকে জানিয়েছেন।”
