Published : 17 Aug 2026, 07:05 PM
অসহনীয় লোডশেডিং, বিদ্যুতের দাম বৃদ্ধি, গ্যাসের সংকট নিরসন এবং দ্রব্যমূল্যের অস্বাভাবিক দাম বৃদ্ধির প্রতিবাদে মিছিলের প্রস্তুতির সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলার সদস্যসচিব মাহদী হাসানকে আটক করেছে পুলিশ। এ সময় আরও দুজনকে আটক করা হয়েছে।
সোমবার বিকাল সাড়ে ৫টায় শহরের কোর্ট মসজিদের সামনে থেকে মাহদী হাসানকে আটক করা হয় বলে হবিগঞ্জ সদর মডেল থানার ওসি জাহিদুল হক জানান।
এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মির্জা সুমন ও রাকিবকে আটক করে পুলিশ।
হবিগঞ্জ সদর মডেল থানার ওসি জাহিদুল হক বলেন, “প্রশাসনের অনুমতি ছাড়া ছাত্র-জনতার ব্যানারে তারা বিক্ষোভ মিছিলের আয়োজন করে। বিশৃঙ্খলার আশঙ্কা থাকায় প্রশাসন অনুমতি দেয়নি। প্রশাসনের বাধা উপেক্ষা করে তারা জড়ো হলে ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়।”