Published : 10 May 2026, 10:55 PM
যশোরের বেনাপোল স্থলবন্দরে বন্ধ ‘অধিকাল ভাতা’ পুনরায় চালুর দাবিতে মানববন্ধন ও কর্মবিরতি পালন করেছেন কর্মচারীরা। এ সময় দুই ঘণ্টা আমদানি-রপ্তানিসহ বন্দরের সব কার্যক্রম বন্ধ থাকে।
রোববার বিকাল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বন্দরের কার্গো ভেহিকেল টার্মিনালে এ কর্মসূচি পালন করা হয় বলে জানান বেনাপোল স্থলবন্দর কর্মচারী দাবি আদায় পরিষদের আহ্বায়ক হাফিজুর রহমান মিঞা।
একই দাবিতে সোমবারও এ কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছে স্থলবন্দর কর্মচারী দাবি আদায় পরিষদ।
বক্তারা বলেন, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ দৈনিক নির্ধারিত কর্মঘণ্টার অতিরিক্ত সময় কাজের জন্য ২২ বছর ধরে কর্মচারীদের অধিকাল ভাতা দিয়ে আসছে। এর মধ্যে ২০২৫ সালের নভেম্বরে হঠাৎ এই ভাতা বন্ধ করে দেয় অর্থ মন্ত্রণালয়।
কর্মচারীরা জানান, অতিরিক্ত ভাতা বন্ধ করে দেওয়ায় পরিবার পরিজন নিয়ে তাদের দুর্বিষহ জীবন যাপন করছেন তারা। দাবি আদায় না হলে পরবর্তীতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
হাফিজুর রহমান বলেন, বাংলাদেশ স্থলবন্দর পরিচালনা ও ব্যবস্থাপনা প্রবিধানমালা-২০২৫ এর ধারা ৩ (ক) এবং বেনাপোল স্থলবন্দর পরিচালনা ও ব্যবস্থাপনা প্রবিধানমালা-২০০৭ এর ধারা ৩ (ক, খ, গ, ঘ) অনুযায়ী প্রশাসনিক ও রাজস্ব দপ্তরসহ সংশ্লিষ্ট শাখার কর্মকাল সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত নির্ধারিত।
তবে বাস্তবতায় বেনাপোল-পেট্রাপোল আমদানি-রপ্তানি কার্যক্রম চলে সকাল ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত। পাশাপাশি সকাল ৬টা থেকেই প্যাসেঞ্জার টার্মিনালের কার্যক্রম শুরু হয়।
এ ছাড়া প্রধান দপ্তরের ২০১৭ সালের ২৬ জুলাই স্মারক অনুযায়ী একই বছরের ১ অগাস্ট থেকে বন্দরের অপারেশনাল কার্যক্রম সপ্তাহে সাত দিন ২৪ ঘণ্টা চালুর নির্দেশনা রয়েছে। ফলে সরকার নির্ধারিত সময়ের মধ্যে বন্দর কার্যক্রম পরিচালনা বাস্তবসম্মত নয় বলে দাবি কর্মচারীদের।
বন্দর শেড ইনচার্জ মনিরুজ্জামান বলেন, আমদানি-রপ্তানি সচল রাখা ও জাতীয় রাজস্ব আদায়ে সহযোগিতা ও রাজস্ব বৃদ্ধির স্বার্থে তাদের অনেক সময় সকাল ৬টা থেকে মধ্যরাত কিংবা ভোর পর্যন্ত কাজ করতে হয়। এ অতিরিক্ত কাজ কোনোভাবেই স্বেচ্ছামূলক নয়।
২০০৭ সালের ৫ নভেম্বর বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের বোর্ড সভায় তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের ‘অধিকাল ভাতা’ প্রদানের সিদ্ধান্ত হয়। সেই সিদ্ধান্ত অনুযায়ী দীর্ঘদিন ধরে ভাতা প্রদান করা হলেও ২০২৫ সালের নভেম্বর থেকে এ পর্যন্ত ‘অধিকাল ভাতা’ বন্ধ রয়েছে।