১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কুমিল্লা-৯: জাপার প্রার্থীসহ আটজনের মনোনয়নপত্র বাতিল, বৈধ ৫

জাতীয় পার্টি মনোনীত প্রার্থী ও বিএনপির সিদ্ধান্তের বাইরে গিয়ে জমা দেওয়া দুইজনের মনোনয়নপত্র বাতিল হয়েছে।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2026, 06:47 PM

Updated : 26 Aug 2026, 05:29 PM

কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে ১৩টি মনোনয়নপত্রের মধ্যে আটটি বাতিল হয়েছে, বৈধ ঘোষণা করা হয়েছে পাঁচজনের মনোনয়নপত্র।

মনোনয়নপত্র বাতিলের তালিকায় রয়েছেন জাতীয় পার্টি মনোনীত প্রার্থী ও বিএনপির সিদ্ধান্তের বাইরে গিয়ে জমা দেওয়া দুইজন।

কুমিল্লা জেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের দ্বিতীয় দিনে শনিবার সকালে জেলা রিটার্নিং কর্মকর্তা মু. রেজা হাসান সিদ্ধান্ত জানিয়েছেন।

চারজনের এক শতাংশ ভোটার তালিকায় অসামঞ্জস্যতা ধরা পড়ায় মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

জেলা রিটার্নিং কর্মকর্তা রেজা হাসান বলেন, “প্রার্থীরা চাইলে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারবেন।”

মনোনয়নপত্র বাতিল হওয়ার পর বিএনপির স্বতন্ত্র প্রার্থী সামিরা আজিম দোলা বলেন, “আমার মনোনয়নপত্রের বিষয় সিদ্ধান্তটি এখনো স্থগিত রেখেছেন, যে কারণের বাতিল বলে ঘোষণা করা হয়েছে, আমরা তা ঠিক নয় বলে প্রমাণ করবো। প্রয়োজনে কমিশনে আপিল করবো।”

এদিকে বিএনপির স্বতন্ত্র প্রার্থী রশিদ আহমেদ হোসাইনীর মনোনয়ন বাতিল হওয়ার পর তিনি বিএনপি মনোনীত প্রার্থী আবুল কালামের পাশে দাঁড়িয়ে ধানের শীষের জন্য ভোট চাইতে দেখা গেছে। 

এসময় তিনি বলেন, “তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য ধানের শীষ মার্কাতেই ভোট দিতে হবে।”

যাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে, তারা হলেন- বিএনপির আবুল কালাম, জামায়াতের সৈয়দ এ কে এম সরওয়ার উদ্দিন ছিদ্দিকী, ইসলামী আন্দোলনের সেলিম মাহমুদ, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের আবু বকর সিদ্দিক ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মিজানুর রহমান চৌধুরী।

মনোনয়নপত্র বাতিল হওয়া অপর ছয়জন হলেন জাতীয় পার্টির গোলাম মোস্তফা কামাল, বাংলাদেশ খেলাফত মজলিসের মো. মাহবুবুর রহমান, খেলাফত মজলিসের আবদুল হক আমিনী, স্বতন্ত্র ইয়াছির মোহাম্মদ ফয়সাল আশিক, মোহাম্মদ মফিজুর রহমান ও মোহাম্মদ আবুল।