Published : 09 Sep 2026, 10:10 PM
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে কয়লা তোলার সময় ধসে পড়া মাটির নিচে চাপা পড়ে এক বাংলাদেশি নিহত হয়েছেন।
বুধবার সকালে উপজেলার চারাগাঁও সীমান্তের ওপারে ভারতের অভ্যন্তরে এ দুর্ঘটনা ঘটে বলে সুনামগঞ্জ-২৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জাকারিয়া কাদির জানান।
নিহত ইউনূস আলী তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের লালঘাট গ্রামের ছমির আলীর ছেলে। তিনি পেশায় দিনমজুর ছিলেন।
বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, অবৈধভাবে ভারতের পাহাড়ি কয়লা কোয়ারিতে প্রবেশ করেন ইউনূসসহ কয়েক শ্রমিক। কাজ করার সময় হঠাৎ কয়লার স্তূপ ধসে তার ওপর পড়লে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে সঙ্গে থাকা অন্য শ্রমিকরা তার মরদেহ উদ্ধার করে বাংলাদেশে নিয়ে আসেন।
খবর পেয়ে দুপুরে পুলিশ নিহতের বাড়ি গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
তাহিরপুর থানার ওসি ফারুক আহমদ বলেন, পরিবারের সদস্যদের কোনো অভিযোগ না থাকায় এবং তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জাকারিয়া কাদির বলেন, এ ঘটনার পর অবৈধভাবে সীমান্ত অতিক্রমের সঙ্গে জড়িত অন্যান্য বাংলাদেশিদের পরিচয় শনাক্ত করার কাজ শুরু হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।