১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কক্সবাজারে অটোরিকশায় ট্রেনের ধাক্কা, নিহত ৪

রামুর রশিদনগর এলাকার একটি রেল ক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2025, 04:22 PM

Updated : 26 Aug 2026, 01:29 PM

কক্সবাজারের রামুতে অটোরিকশায় ট্রেনের ধাক্কায় নারী-শিশুসহ চারজন নিহত হয়েছেন।

শনিবার বেলা দেড়টার দিকে রামুর রশিদনগর এলাকার রেল ক্রসিংয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন রামু থানার ওসি তৈয়বুর রহমান।

ঘটনাস্থল থেকে ওসি তৈয়বুর রহমান বলেন, নিহতদের মধ্যে একজন মরজিনা আক্তার (৩৫), তিনি কক্সবাজার সদর উপজেলার পোকখালী ইউনিয়নের পূর্ব গোমাতলীর বাসিন্দা বলে সঙ্গে থাকা জাতীয় পরিচয় পত্র থেকে নিশ্চিত হওয়া গেছে। সঙ্গে তার শিশু সন্তানও মারা গেছে।

এছাড়া দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন সিএনজিচালিত অটোরিকশাটির চালক শাহাব উদ্দিন। নিহত অপরজনের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

রশিদনগরের ইউপি সদস্য বদি আলম বলেন, অটোরিকশাটি রশিদনগর রেলক্রসিং পেরিয়ে রেল লাইনের উপর উঠে পড়লে কক্সবাজার এক্সপ্রেস সেটিকে ধাক্কা দেয়। 

“এ সময় অটোরিকশাটি ট্রেনের সামনের অংশে আটকে গেলে প্রায় আধা কিলোমিটার পর্যন্ত টেনেহিঁচড়ে নিয়ে যায় ট্রেন। এতে নিহতদের দেহ ছিন্ন-ভিন্ন হয়ে বিভিন্ন জায়গায় ছিটকে পড়ে।”

রেলওয়ের রামু স্টেশনের সহকারী স্টেশন মাস্টার আক্তার হোসেন বলেন, “ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেসের সঙ্গে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর সেটি গন্তব্যে চলে গেছে। কিন্তু রামুর পানিরছড়া এলাকায় ঢাকা থেকে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস আটকে রেখেছেন বিক্ষুব্ধ স্থানীয়রা।”