১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ইনকিলাব মঞ্চের সদস্যদের কাছে আগাম ‘ক্ষমা’ চাইলেন হাদির ভাই

হাদি হত্যার আগে ও পরে ঠিক কী ঘটেছিল তা নিয়ে ফেইসবুকে বিস্তারিত লেখার কথা বলেছেন তিনি।

ইনকিলাব মঞ্চের সদস্যদের কাছে আগাম ‘ক্ষমা’ চাইলেন হাদির ভাই
শরীফ ওসমান বিন হাদির সঙ্গে ওমর হাদি।

ঝালকাঠি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2026, 09:18 PM

Updated : 26 Aug 2026, 03:17 PM

ইনকিলাব মঞ্চের সদস্যদের কাছে আগাম ‘ক্ষমা চেয়ে’ সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে একটি পোস্ট দিয়েছেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির ভাই ওমর হাদি। 

মঙ্গলবার বিকালে দেওয়া পোস্টে তিনি লিখেছেন, তার ভাইয়ের হত্যার আগে ও পরে ঠিক কী ঘটেছিল তা নিয়ে তিনি বিস্তারিত লিখবেন। তবে ওই লেখায় ইনকিলাব মঞ্চের সদস্যদের বিরুদ্ধে অনেক বিষয় উঠে আসতে পারে বলে আগাম দুঃখ প্রকাশ এবং সেজন্য সংশ্লিষ্ট সবার কাছে ক্ষমা প্রার্থনা করেছেন।

তার এ পোস্ট প্রকাশের পরপরই বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ায়; যা নিয়ে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। অনেকে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছেন এবং ওমর হাদির বিস্তারিত বক্তব্য প্রকাশের অপেক্ষায় আছেন।

গত বছরের ১২ ডিসেম্বর দুপুরে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদিকে লক্ষ্য করে গুলি চালানো হয়। গুরুতর অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। 

অবস্থার অবনতি হলে ১৫ ডিসেম্বর উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তিনি মারা যান। পরে তার লাশ দেশে এনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে দাফন করা হয়।