১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

রেললাইনের পাশে খেলছিল ২ বছরের তাওহীদ, ট্রেনে কাটা পড়ে মৃত্যু

বগুড়ার সাবগ্রাম রেলগেইট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2026, 08:45 PM

Updated : 11 Sep 2026, 03:43 PM

বগুড়ায় সদর উপজেলায় রেললাইনের পাশে খেলা করার সময় ট্রেনে কাটা পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে পৌরসভার ২০ নম্বর ওয়ার্ডের সাবগ্রাম রেলগেইট সংলগ্ন মাস্টারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে বগুড়া নারুলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাজমুল হক জানান।

নিহত দুই বছর বয়সি তাওহীদ ওই এলাকার ডেকোরেটর ব্যবসায়ী মিজানুর রহমানের ছেলে।

নাজমুল হক বলেন, সাবগ্রাম রেল গেইটের পাশে বগুড়া জেলা ডেকোরেটর মালিক সমিতির সভাপতি মিজানুরের বাসা। দুপুরে লাইনের পাশে খেলছিল তাওহীদ। এ সময় অসাবধানতাবশত লাইনের ওপর চলে গেলে তাওহীদ ট্রেনে কাটা পড়ে।

স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান তিনি। 

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ লাল মিয়া বলেন, শিশুটির লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান।