গোমতী চরের ডোবায় ভাসছিল অজ্ঞাত ব্যক্তির লাশ
“প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুই থেকে তিন দিন আগে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।”
কুমিল্লার আদর্শ সদর উপজেলায় গোমতী নদীর চরসংলগ্ন একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
উত্তর দুর্গাপুর ইউনিয়নের কাচিয়াতলী এলাকা থেকে মঙ্গলবার সকালে লাশটি উদ্ধার করা হয় বলে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি তৌহিদুল আনোয়ার জানিয়েছেন।
নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৪০ থেকে ৪৫ বছর বলে পুলিশ ধারণা করছে। তবে তাৎক্ষণিকভাবে তার বিস্তারিত নাম-পরিচয় জানাতে পারেনি।
ওসি তৌহিদুল আনোয়ার বলেন, “সকালে গোমতী নদীর চরের পাশে একটি ডোবায় এক ব্যক্তির মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ তা উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
“মরদেহে ইতোমধ্যে পচন ধরেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুই থেকে তিন দিন আগে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।”
নিহতের পরিচয় শনাক্ত এবং মৃত্যুর কারণ উদ্ঘাটনে কাজ চলছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
