১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

শরীয়তপুরে শ্বাসরোধে নারীকে হত্যা, স্বর্ণালংকার লুট

“মাকে ডাকাডাকি করে কোনো রকম সাড়া শব্দ না পেয়ে নীরব আত্মচিৎকার করলে বাড়ির মালিকের স্ত্রী নাজমুন নাহার দৌড়ে আসেন।”

শরীয়তপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2025, 08:58 PM

Updated : 26 Aug 2026, 02:31 PM

শরীয়তপুর পৌর শহরে এক নারীকে শ্বাসরোধ করে হত্যার পর স্বর্ণালংকার লুটের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার দুপুরে শরীয়তপুর সদর পৌরসভার রুপনগর এলাকার মালেক মাদবরের বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে জানিয়েছে পালং মডেল থানার ওসি মো. হেলাল উদ্দিন।

নিহত নাজমা বেগম (৪২) শরীয়তপুর চারতলা বাড়িটির দ্বিতীয় তলায় ভাড়া থাকতেন। স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর একমাত্র ছেলে নিরব কাজীকে (১২) নিয়ে সেখানে থাকতেন তিনি। 

নিহতের ভাই আসলাম কাজী বলেন, “নিরব পালং তুলাসার গুরুদাস উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। প্রতিদিনের মতো সকালে স্কুলে গিয়ে দুপুরে ফিরে এসে দেখে ঘরের দরজা খোলা। সে রুমে ঢুকে দেখে তার মা খাটের উপর উপুড় হয়ে পড়ে আছে। 

“মাকে ডাকাডাকি করে কোনো রকম সাড়া শব্দ না পেয়ে নীরব আত্মচিৎকার করলে বাড়ির মালিকের স্ত্রী নাজমুন নাহার দৌড়ে আসেন।”

নাজমুন নাহার বলেন, “নাজমার ছেলের চিৎকার শুনে আমি তাদের রুমে যাই। গিয়ে দেখি নামজার শরীর ঠাণ্ডা হয়ে গেছে। তার গলায় গামছা পেচানো, তার কানের দুল ও গলার চেইন এবং হাতের আংটি নেই। তাদের স্টিলের আলমারি খোলা।কে বা কারা যেন নাজমাকে হত্যা করে এসব জিনিস নিয়ে পালিয়ে গেছে।” 

পালং মডেল থানার ওসি হেলাল উদ্দিন বলেন, দুবৃর্ত্তরা নারীকে শ্বাসরোধ করে হত্যা করেছে। এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ তদন্ত করছে।