Published : 01 Feb 2026, 12:25 PM
ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে দলের ভেতরে শৃঙ্খলা, নীতিগত অবস্থান ও আদর্শিক রাজনীতির ঘাটতির অভিযোগ তুলে গণঅধিকার পরিষদ থেকে পদত্যাগ করেছেন জামালপুরের দুটি উপজেলার শতাধিক নেতাকর্মী।
শনিবার রাত ৮টার দিকে মাদারগঞ্জের মফস্বল সাংবাদিক প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে পদত্যাগের এই ঘোষণা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মাদারগঞ্জ উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি জাকিরুল ইসলাম জাকির।
সংবাদ সম্মেলনে জানানো হয়, জেলা যুব অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল মন্ডল, মাদারগঞ্জ উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি জাকিরুল ইসলাম জাকির, মেলান্দহ উপজেলা গণঅধিকার পরিষদের সদস্য সচিব শাহিন আলম, মাদারগঞ্জ উপজেলা ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম হিরার নেতৃত্বে জেলা, উপজেলা ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী পদত্যাগ করেছেন।
এ তালিকায় প্রবাসী অধিকার পরিষদের নেতাকর্মীরাও রয়েছেন।
জাকিরুল ইসলাম জাকির বলেন, “আমরা বিগত ছয়-সাত বছর ধরে তৃণমূল পর্যায় থেকে শ্রম দিয়ে দলটি গড়ে তুলেছি। ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের সময় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের যে আদর্শ ও রাজনীতি আমরা দেখেছি, দল এখন সেই অবস্থান থেকে সরে এসেছে।
তিনি বলেন, “জামালপুর-৩ আসনে প্রথমে প্রার্থী ঘোষণা করে মাত্র ১৫ মিনিটের মধ্যে তা পরিবর্তন করা হয়। সারা দেশে ৯৩টি আসনে দল যে সামর্থ্য অনুযায়ী প্রার্থী ঘোষণা করেছিল, তা নিয়েও তারা সন্তুষ্ট ছিল। কিন্তু হঠাৎ সিদ্ধান্ত পরিবর্তন মেনে নিতে পারেনি।”
তিনি আরও বলেন, “এসব বিষয়ে প্রায় ১৫০ জন নেতাকর্মী কেন্দ্রীয় নেতাদের সঙ্গে সাক্ষাৎ করে আপত্তি জানালেও তা উপেক্ষা করা হয়েছে। এতে দলীয় সিদ্ধান্তহীনতা ও আদর্শগত দুর্বলতা স্পষ্ট হওয়ায় তারা হতাশ হয়ে পড়েন।”
তবে অন্য কোনো রাজনৈতিক দলে যোগ দেওয়ার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেও জানান তারা।
এ বিষয়ে জানতে চাইলে গণঅধিকার পরিষদের জেলা আহ্বায়ক জাকির হোসেন বলেন, “এই পদত্যগের বিষয়ে তিনি এখনো জানেন না, তবে যে কেউ চাইলেই দল থেকে পদত্যাগ করতে পারেন। এটা যার যার ব্যক্তিগত সিদ্ধান্ত। ”