Published : 18 Mar 2025, 05:53 PM
উন্নয়নমূলক কর্মকাণ্ডে ভেজাল নির্মাণসামগ্রী রোধে ফরিদপুরে গণপূর্ত বিভাগের উদ্যোগে পরীক্ষাগার উদ্বোধন করা হয়েছে। এতে বিভাগটির অধীনে থাকা সব উন্নয়ন কর্মকাণ্ডে অনিয়ম ঠেকানো সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
মঙ্গলবার দুপুরে গণপূর্ত বিভাগের কার্যালয়ে পরীক্ষাগারটির উদ্বোধন করেন গোপালগঞ্জ গণপূর্ত জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরী। পরে পরীক্ষাগারটি পরিদর্শন করেন তিনি।
এর আগে বিভাগটির অধীনে থাকা চলমান উন্নয়নমূলক কাজের বিভিন্ন প্রকল্প পরিদর্শন এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন খালেকুজ্জামান চৌধুরী।
এ সময় কর্মকর্তা ও কর্মচারীকে জনগণমূখী হওয়ার আহ্বান জানিয়েছে তিনি বলেন, “আমাদের প্রতিটি কাজকে আন্তরিকতার সঙ্গে দেখতে হবে। আমরা যে বিরাট ক্ষমতাবান এই চিন্তা করা যাবে না। আপনার দক্ষতা দিয়ে সমাজ ও রাষ্ট্রের কাজে অবদান রাখতে হবে। আমরা এভাবে প্রতিটা ক্ষেত্রে অবদান রাখতে চাই।”
উন্নয়নমূলক কর্মকাণ্ডের বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে প্রকৌশলী মো. খালেকুজ্জামান বলেন, “অনিয়ম চলবে না। কেউ যদি অনিয়ম করে, আর অনিয়মের কারণে যে ভোগান্তি হবে, সেটা তাকেই ভোগ করতে হবে।
“অনেক সময় আমরা সঠিক দিক-নির্দেশনা দিতে পারি না, যে কারণে অনেক ধরনের সমস্যা হয়ে থাকে। এখন আমরা সেটা চাই না। আমরা মানুষের জন্য কাজ করব। মানুষ যেন সত্যিকার অর্থে বুঝতে পারে এই সরকার জনগণের জন্য কাজ করছে।”
মতবিনিময় শেষে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রামণ্যচিত্র তুলে ধরা হয়। এ সময় চলমান প্রকল্প, বন্ধ হয়ে যাওয়া প্রকল্প ও প্রস্তাবিত প্রকল্প সম্পর্কে বিশদ আলোচনা করা হয়।
সভায় গোপালগঞ্জ জোনের এসি (তত্ত্বাবধায়ক প্রকৌশলী) বাহাদুর আলী, পিএনডির নির্বাহী প্রকৌশলী মো. আবু সুফিয়ান মাহবুব, ফরিদপুর স্থানীয় সরকার প্রকৌশলী কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. শাহিদুজ্জামান এবং গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. সাইফুজ্জামান উপস্থিত ছিলেন।