১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নিখোঁজ কৃষকের ঝুলন্ত লাশ মিলল বাগানে

সোমবার সন্ধ্যায় স্থানীয় এক ব্যক্তি বাগানের ভেতর গাছে তার মরদেহ ঝুলতে দেখে পরিবারকে খবর দেন, বলছে পুলিশ।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2026, 02:35 PM

Updated : 26 Aug 2026, 02:51 PM

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় নিখোঁজ এক বৃদ্ধ কৃষকের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

সোমবার রাতে সীমান্তবর্তী কাকডাঙ্গা এলাকার বাড়ির পাশের একটি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয় বলে কলারোয়া থানার ওসি এইচ এম শাহীন জানান। 

নিহত ৭০ বছর বয়সী আব্দুল মজিদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

পরিবারের বরাতে ওসি শাহীন বলেন, “গত তিনদিন ধরে আব্দুল মজিদ নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খুঁজেও তার সন্ধান পাননি। 

“সোমবার সন্ধ্যায় স্থানীয় এক ব্যক্তি বাগানের ভেতর গাছে তার মরদেহ ঝুলতে দেখে পরিবারকে খবর দেন। পরে স্বজনরা গিয়ে মরদেহটি উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। মরদেহে পচন ধরেছে।” 

খবর পেয়ে কলারোয়া থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশের সুরতহাল সম্পন্ন করে বলে জানান তিনি। 

মৃত আব্দুল মজিদ দুই ছেলে ও দুই মেয়ে সন্তানের জনক।

ছোট ছেলে কবির হোসেন বলেন, তার বাবা এলাকায় সৎ ও শান্ত স্বভাবের মানুষ হিসেবে পরিচিত ছিলেন। তার এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।