গাইবান্ধায় ঈদে বিতরণের ভিজিএফের চালসহ ২ নৌকা ডুবল ব্রহ্মপুত্রে
ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, ভেজা চালগুলো প্রয়োজন মোতাবেক শুকিয়ে দুস্থ মানুষের মধ্যে বিতরণ করা হবে।
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার দুস্থ মানুষের মধ্যে কোরবানির ঈদের সময় বিতরণের জন্য বরাদ্দ করা ভিজিএফের চালবোঝাই দুইটি নৌকা ডুবে গেছে।
বৃহস্পতিবার সকালে হঠাৎ ঝড়ের কবলে পড়ে উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নে বালাসীঘাট এলাকায় ব্রহ্মপুত্র নদে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন এরেন্ডাবাবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইদুর রহমান।
তিনি বলেন, কোরবানির ঈদের আগে দুস্থদের মধ্যে বিতরণের জন্য সরকারের ভিজিএফ কর্মসূচির আওতায় ৪৬ দশমিক ৮৪ টন চাল বরাদ্দ পাওয়া যায়। সেসব চাল বুধবার বালাসীঘাটে আনা হয়। পরে রাতেই চালগুলো ইঞ্জিনচালিত চারটি নৌকায় তুলে ঘাটে রাখা হয়।
“কিন্তু বৃহস্পতিবার সকালে নৌকাগুলি রওনা হওয়ার প্রস্তুতির সময় হঠাৎ কাল বৈশাখী ঝড় শুরু হয়। এতে ৫০ কেজি ওজনের ৪৬৭ বস্তা চালসহ দুইটি নৌকা নদীতে ডুবে যায়।”
ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান বলেন, “খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় চালের বস্তাগুলো উদ্ধার করেন। কিন্তু উদ্ধারের সময় অনেক বস্তা ফেটে যায়।“
তিনি আরও বলেন, তবে সব চালের বস্তা উদ্ধার হয়েছে কিনা তা খতিয়ে দেখতে হবে। ভেজা চালগুলো প্রয়োজন মোতাবেক শুকিয়ে দুস্থ মানুষের মধ্যে বিতরণ করা হবে।
